Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অটো উল্টে মৃত্যু ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

অটো উল্টে মৃত্যু ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্ধারিত রুট ছেড়ে শর্ট কাট। সরু গলির মধ্যে দ্রুত গতি। এই দুইয়ের জেরে বেপরোয়া গতির অটো রিকশ উল্টে গেল সাউথ সিঁথিতে। তাতেই প্রাণ হারালেন অটোর পিছনের সিটে বসে থাকা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। মৃতের নাম সায়ন ভট্টাচার্য (২০)। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার বাসিন্দা তিনি। দুর্ঘটনায় জখম হন সায়নের এক বন্ধু। তাঁর নাম অয়ন মণ্ডল (২০)। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়।  বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিঁথি থানা এলাকার হেম দে লেনে দুর্ঘটনাটি ঘটে। সিঁথি থানা এলাকায় বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজি কলেজ থেকে অটো ধরেন দুই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। সায়ন ও অয়ন দু’জনেই দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিন কলেজ শেষে বাড়ি ফিরছিলেন তাঁরা। সিঁথির মোড় থেকে সায়নের বাড়ি ফেরার জন্য বাস ধরার কথা ছিল। সাউথ সিঁথির কাছে তারকেশ্বর মিষ্টান্ন ভাণ্ডারের সামনে গলির বাঁকে উল্টে যায় সিঁথি মোড়গামী ওই অটোটি। পিছনের আসনে ছিলেন দুই বন্ধু। বাঁদিকে বসে ছিলেন সায়ন। সেদিকেই উল্টে যায় অটোটি। মাথায় গুরুতর চোট পান ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। তাঁর উপরে হুড়মুড়িয়ে পড়েন অয়ন। সেকারণেই তাঁর কম আঘাত লাগে।
Advertisement
সম্পর্কিত সংবাদ