নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: একাধিক দাবিতে মঙ্গলবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারের দ্বারস্থ হলেন অস্থায়ী কর্মীদের একাংশ। এদিন দুপুরে সুপারের ঘরে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। তাঁদের দাবি, নতুন একদল অস্থায়ী কর্মীদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়োগ করা হয়েছে। যারফলে চাকরি হারানোর আশঙ্কায় ভুগছেন তাঁরা। এছাড়া যখন তখন যেখানে সেখানে ডিউটি দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ বা এজেন্সি কেউ অস্থায়ী কর্মীদের সঙ্গে আলোচনায় বসে কোনও সমাধান সূত্র বের করতে চাইছে না। বিষয়গুলি তুলে ধরে এদিন সুপার সঞ্জয় মল্লিকের ঘরে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। সুপার বলেন, ডিউটি দেওয়াটা পুরোপুরিভাবে এজেন্সির বিষয়। তারা কীভাবে কাকে কোথায় ডিউটি দিচ্ছে, সেটা নিজেরাই ঠিক করেন।



