সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিয়ের পরে অষ্টমঙ্গলা করে বাড়ি ফিরেছিল বর কনে। কিন্তু শেষ রক্ষা হল না। কারণ, কনের বয়স এখনও ১৮ হয়নি। বুধবার রাতে আলিপুরদুয়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে জেলা সিডব্লুসি’র টোল ফ্রি নম্বরে এক ব্যক্তি ফোন করে বিষয়টি জানান। ফোন পেয়েই দেরি না করে রাতেই জেলা সিডব্লুসি কর্তৃপক্ষ মহিলা থানার পুলিসের সহায়তায় ওই এলাকায় হানা দিয়ে নাবালিকাকে উদ্ধার করে। তবে সুযোগ বুঝে সাবালক বর পালিয়ে যায়। এদিকে, পুর এলাকায় নাবালিকার বিয়ের খবরে এলাকায় শোরগোল পড়েছে। প্রশ্ন উঠেছে, খোদ শহরাঞ্চলে নাবালিকার বিয়ে হলেও কেউ জানতে পর্যন্ত পারল না। আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, হতে পারে ওই নাবালিকার বিয়ে বাইরে হয়েছে। পুরসভার কাছে কেউ এনিয়ে কোনও অভিযোগ দায়ের করেনি। তবে বিষয়টি নিয়ে পুরসভা থেকে লাগাতার প্রচার অভিযান জারি রয়েছে।
Advertisement
জেলা সিডব্লুসি সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বয়স ১৬ বছর। বরের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে। যদিও এনিয়ে দুই বাড়ির লোকজন কেউই মুখ খুলতে নারাজ। জেলা সিডব্লুসির চেয়ারম্যান অসীম বসু বলেন, নাবালিকাকে একটি সরকারি হোমে পাঠানো হয়েছে।



