সানফ্রান্সিসকো, ১৫ ডিসেম্বর: অসুস্থ উস্তাদ জাকির হোসেন। আমেরিকার সানফ্রান্সিসকোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজ, রবিবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন বলে সূত্রের খবর। রক্তচাপ জনিত সমস্যার ফলে হার্টের সমস্যাও ধরা পড়েছে কিংবদন্তি তবলা বাদকের।
Advertisement
হাসপাতালে ভর্তির পরই শিল্পীর পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিও জারি করা হয়। তাতে বলা, তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা উস্তাদ আল্লা রাখার পুত্র উস্তাদ জাকির হোসেন অসুস্থ। শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে সানফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকী তাঁর দ্রুত আরোগ্যের জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধও করেন শিল্পীর পরিবার। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে জাকির হোসেনের কলকাতার অনুষ্ঠানও। অসুস্থতার খবর পেয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁর ভক্তরা। দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তাঁর অসংখ্য অনুরাগী। প্রসঙ্গত, সঙ্গীতজগতে তিনি এক নক্ষত্র। মাত্র ৭ বছর বয়সে তবলায় তাঁর হাতেখড়ি। ১২ বছর থেকেই তিনি দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করছেন তিনি। জাকির হোসেনের সুর, তাল এবং তবলায় তাঁর অসামান্য দক্ষতা অচিরেই তাঁকে পৃথিবীতে শ্রদ্ধার পাত্র করে তুলেছে। ভারতীয় ক্ল্যাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীত জগতে বিরাট অবদান রয়েছে তাঁর। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং গ্র্যামি সবকটি পুরস্কারই পেয়েছেন তিনি।



