সংবাদদাতা, কান্দি: মঙ্গলবার জেলার বিভিন্ন স্কুলের সাতজন অসুস্থ পরীক্ষার্থী হাসপাতালের বেডে বসে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দিল। কেউ পেটে ব্যথায় কাতর হয়ে পড়ে। কেউ পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়। কেউ আবার মাথা ঘুরে পরীক্ষাকেন্দ্রে জ্ঞান হারিয়ে ফেলে। তাদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে প্রশাসন।
Advertisement
বড়ঞা ব্লকের খোরজুনা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের দুই ছাত্রী সুস্মিতা দাস ও শাহিমা খাতুন পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। তাদের অ্যাম্বুলেন্সে করে কান্দি মহকুমা হাসপাতালে আনা হয়। আবার বড়ঞা এনএস উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী স্বস্তিকা সরকারও পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। তাকেও ওই হাসপাতালে আনা হয়। একইভাবে খড়গ্রাম উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের আবিদা খাতুন, কান্দি রাজ উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী লীলা বাগদি হাসপাতালে বসেই পরীক্ষা দেয়। সাগরপাড়ায় মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে বৈশাখী সরকার নামে এক পরীক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেডে বসেই সে পরীক্ষা দেয়। তার পরীক্ষাকেন্দ্র ছিল সাগরপাড়া উচ্চ বিদ্যালয়। এদিন পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টাখানেক পরে কেন্দ্রের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে।
এদিন মাদ্রাসা বোর্ডেও মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। পুরন্দরপুর হাইমাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী সাহেনা খাতুন অসুস্থ হয়ে পড়ে। সে কান্দি মহকুমা হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয়।
এদিন মাদ্রাসা বোর্ডেও মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল। পুরন্দরপুর হাইমাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের পরীক্ষার্থী সাহেনা খাতুন অসুস্থ হয়ে পড়ে। সে কান্দি মহকুমা হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয়।



