Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ওষুধের ওভারডোজে কয়েদির মৃত্যু, জেলের কাছে হলফনামা চাইল আদালত

ওষুধের ওভারডোজে কয়েদির মৃত্যু, জেলের কাছে হলফনামা চাইল আদালত
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: প্রায় তিন বছর আগে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির অস্বাভাবিক মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে কোচবিহারের কুচলিবাড়ির বাসিন্দা ওই কয়েদির পরিবার মামলা দায়ের করে আদালতে। দায়ের হওয়া মামলার ভিত্তিতে জেল কর্তৃপক্ষের কাছে হলফনামা তলব করে আদালত। এরপর জেলের তরফে হলফনামা দিয়ে জানানো হয়, ওই কয়েদি বেশকিছু ওষুধ খেয়ে নিয়েছিল। ওষুধের বাড়তি ডোজের কারণেই তার মৃত্যু হয়েছে। কিন্তু কী ধরনের ওষুধ খেয়ে মৃত্যু হয় ওই কয়েদির, সেব্যাপারে উল্লেখ ছিল না জেলের হলফনামায়। বৃহস্পতিবার জলপাইগুড়িতে হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলার শুনানিতে জেল কর্তৃপক্ষকে সেটাই স্পষ্ট করে জানানোর নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ৯ ফেব্রুয়ারির মধ্যে জেল কর্তৃপক্ষকে এ ব্যাপারে কম্প্রিহেনসিভ এফিডেভিট জমা দিতে বলা হয়েছে। তাদের দেওয়া হলফনামার পরিপ্রেক্ষিতে মামলাকারীর পক্ষে যদি কিছু বলার থাকে, সেটাও হলফনামার আকারে ১৫ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
Advertisement
মামলাকারীর পক্ষের আইনজীবী অর্জুন চৌধুরী বলেন, ২০২২ সালের ১৬ আগস্ট ওই কয়েদির অস্বাভাবিক মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে তার পরিবার ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মামলা দায়ের করে। জেল কর্তৃপক্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় স্বীকার করে নেয়, ওষুধের বাড়তি ডোজের কারণে ওই কয়েদির মৃত্যু হয়েছে। কিন্তু কী ওষুধ খেয়ে তার মৃত্যু হল, ওই ওষুধের কেমিক্যাল কম্পোজিশন কী, সে ব্যাপারে জেলের হলফনামায় কিছু উল্লেখ ছিল না। বিচারপতি এদিন সেটাই জানতে চেয়েছেন। সঙ্গে জেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নথি জমা দিতে বলেছে আদালত। মামলার সরকার পক্ষের আইনজীবী হীরক বর্মন বলেন, ওই কয়েদির যাবজ্জীবন সাজা হয়েছিল। এর জেরে কিছুটা মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। জেলের হাসপাতাল ওয়ার্ডে ডিউটি ছিল তার। সেখান থেকেই ওষুধ নিয়ে খেয়ে ফেলেন ওই কয়েদি। ওষুধের বাড়তি ডোজের কারণে তার মৃত্যু হয়। ঠিক কী ওষুধ খেয়েছিলেন ওই কয়েদি, সেসময় জেলের হাসপাতাল ওয়ার্ডে কী কী ওষুধ মজুত ছিল, সেব্যাপারে এদিন জানতে চেয়েছে আদালত। চার সপ্তাহের মধ্যে এ ব্যাপারে জেল কর্তৃপক্ষকে হলফনামার আকারে সবটা আদালতে জানাতে বলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ