Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অসমের কয়লা খনিতে আটকে ফালাকাটার রাইচেঙ্গার সঞ্জিত সরকার

অসমের কয়লা খনিতে আটকে ফালাকাটার রাইচেঙ্গার সঞ্জিত সরকার
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: ভারতে নিষিদ্ধ র‍্যাট হোল পদ্ধতি। তারপরেও রবিবার  ৪০ জন খনি শ্রমিকের একটি দল অসম-মেঘালয় সীমানার হাফলঙের কাছে অসমের ডিমাহাসো জেলায় উমরাংশো কয়লা খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে নামে। সেখানেই আটকে পড়েন কমপক্ষে ৩৫ জন শ্রমিক। যাঁদের মধ্যে একজন আলিপুদুয়ার জেলার ফালাকাটা-২ গ্রাম পঞ্চায়েতের রাইচেঙ্গার সঞ্জিত সরকার। তিনিই বাড়ির একমাত্র রোজগেরে সদস্য। মাত্র পনেরো দিন আগেই ছুটি কাটিয়ে ফের কয়লা খননের কাজে যোগ দিয়েছিলেন তিনি। 
Advertisement
জানা গিয়েছে, খনি থেকে কয়লা তুলতে প্রায় ১০০ ফুট গভীরে খনিগর্ভে নামেন ওই শ্রমিকরা। রবিবার রাতে হঠাৎই খনিগর্ভে প্রবল জলস্ফীতি শুরু হয়। সেই সময় পাঁচজন শ্রমিক গুরুতর জখম অবস্থায় কোনওভাবে উঠে এলেও বাকি ৩৫ জন আটকে পড়েন খনিগর্ভে। যারজন্য ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে সঞ্জিতের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারছে না তাঁর পরিবার। ছেলের খোঁজ  না পেরে অসমের ওই কয়লা খনির উদ্দেশ্যে রওনা দিয়েছেন শ্রমিকের বৃদ্ধ বাবা কৃষ্ণপদ সরকার। 
এদিকে, খনিতে শ্রমিকদের আটকে পড়ার কথা জানাজানি হতেই চিন্তায় রেইচেঙ্গার লোকেরা। সঞ্জিতের স্ত্রী টুম্পা সরকারও উদ্বিগ্ন। আত্মীয় পরিজনরা আগলে রেখেছে পরিবারের সদস্যদের। সঞ্জিতের বাবা কৃষ্ণপদ সরকার মঙ্গলবার টেলিফোনে বলেন, জানি না কপালে কি লেখা আছে। আমি কথা বলার মতো মানসিক পরিস্থিতিতে নেই। ফালাকাটার বিডিও অনীক রায় বলেন, আমরা সঞ্জিতের পরিবারকে সবরকমভাবে সহায়তা করার প্রস্তুতি নিচ্ছি। 
 জানা গিয়েছে এদিন একটি উদ্ধারকারী দল তিনবার চেষ্টা চালিয়েও উদ্ধার অভিযানে ব্যর্থ হয়। সেই কারণে বিশাখাপত্তনম থেকে ডুবুরিদের বিশেষ দলকে তলব করেছে অসম সরকার।
সম্পর্কিত সংবাদ