Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অসমের খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ইসিএলের রেসকিউ টিম

অসমের খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ইসিএলের রেসকিউ টিম
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নৌবাহিনী, সেনাবাহিনী নামিয়ে একাধিকবার চেষ্টার পরেও অসমের খনিতে আটকে পড়াদের উদ্ধার করা সম্ভব হয়নি। এবার শ্রমিকদের উদ্ধারের কাজের জন্য ডাক পড়ল বাংলার উদ্ধারকারী দলের। পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে রয়েছে ইসিএলের মাইন রেসকিউ স্টেশন। সেখানে খনি দুর্ঘটনায় উদ্ধারকার্যে বিশেষভাবে প্রশিক্ষিত ১০জন পাড়ি দিয়েছেন অসমের ডিমা হাসাও জেলার উদ্দেশে। রেসকিউ স্টেশনের সুপারিনটেন্ডেন্ট অভিজিৎ কুণ্ডুর নেতৃত্বে এই টিমের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধারকার্যে ব্যবহৃত যন্ত্রাংশ। রেসকিউ টিমের বিশেষ ভ্যানে করে সড়ক পথে রওনা দিয়েছেন তাঁরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিল্পাঞ্চল থেকে তাঁরা বেরিয়েছেন। ১৪০০ কিলোমিটার রাস্তা। বুধবার বিকেলে খবর পাওয়া যায় তাঁদের গুয়াহাটি পৌঁছতে আরও ৫ঘণ্টা সময় লাগবে। এই টিম খনির গভীরে নামতে বিশেষ পারদর্শী। কিন্তু তাঁদের সমস্যা যন্ত্রাংশ জলে কাজ করে না। তাই কোল ইন্ডিয়া ও ওএনজিসি থেকে সেনা হেলিকপ্টার করে বিশেষ পাম্প আনা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত খনি থেকে জল বের করার কাজ চলছে।
Advertisement
প্রসঙ্গত, রানিগঞ্জ খনি অঞ্চল একের পর এক খনি দুর্ঘটনার সাক্ষী। মহাবীর কোলিয়ারিতে খনি দুর্ঘটনায় ৭১ জন আটকে পড়েছিলেন। যশবন্ত সিং গিল ছিলেন সেই উদ্ধারকার্যের নায়ক। সেই খনি দুর্ঘটনা নিয়ে বলিউডে অক্ষয় কুমার অভিনিত সিনেমাও হয়েছে। এছাড়াও চাষনালা, বাগডিগি সহ নানা খনি দুর্ঘটনা ও উদ্ধারের কাহিনী রয়েছে মাইন রেসকিউ টিমের।
সোমবার অসমের ডিমা হাসাও জেলায় খনি দুর্ঘটনা হয়েছে। একটি খনিতে জল ঢুকে ১৫ জন শ্রমিক আটকে পড়েছেন। যদিও অসমের মুখ্যমন্ত্রী দাবি করেছেন খনিতে ৯ জন আটকে আছে। যার মধ্যে এরাজ্যের জলপাইগুড়ির এক শ্রমিকও রয়েছেন।
সম্পর্কিত সংবাদ