গুয়াহাটি: নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারত। মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ‘অ্যাডভান্টেজ অসম ২.০’-এর উদ্বোধন করে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘দেশের বিকাশে পূর্ব ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা যখন বিকশিত ভারতের দিকে এগিয়ে চলেছি, তখন দেশের এই অংশ নিজেদের প্রকৃত গুরুত্ব তুলে ধরেছে।’ মোদির পাশাপাশি এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন এস জয়শঙ্কর, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অশ্বিনী বৈষ্ণব, সর্বানন্দ সোনেওয়াল ও পবিত্র মার্গেরিটার মতো কেন্দ্রীয় মন্ত্রীরা। ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি। উপস্থিত ছিলেন রিলায়েন্স, আদানি, টাটা, বেদান্ত, জিন্দাল সহ বিভিন্ন গোষ্ঠীর শীর্ষকর্তারা। পাশাপাশি, বিভিন্ন দেশের প্রতিনিধিরাও এই বাণিজ্য সম্মেলনে যোগ দেন।
Advertisement
এদিন উদ্বোধনী মঞ্চে সেমিকন্ডাক্টর চিপ দিয়ে তৈরি একটি একশৃঙ্গ গন্ডারের মূর্তি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সম্মেলনে আগামী কয়েক বছরের মধ্যে অসমে বৃহৎ ইলেক্ট্রনিক্স কারখানা গড়ার কথা ঘোষণা করেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ। এর জন্য প্রায় ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে বলেও জানান তিনি। রিলায়েন্স ও আদানি গোষ্ঠীর তরফেও অসমে ৫০ হাজার কোটি টাকা করে লগ্নির কথা ঘোষণা করা হয়। পাশাপাশি অসম ও ত্রিপুরায় তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা জানিয়েছেন বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়াল।



