সংবাদদাতা, বহরমপুর: দাঁতের যন্ত্রণা সহ্য করতে না পেরে চালে দেওয়া কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। মৃত বৃদ্ধের নাম অনুকূল মণ্ডল(৬৫)। বাড়ি নবগ্রাম থানার বুন্দাইডাঙা। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এনিয়ে থানায় কোনও অভিযোগ হয়নি বলে পুলিস জানিয়েছে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ডাক্তার দেখিয়ে দাঁত তুলেছিলেন অনুকূলবাবু। বাড়ি ফিরে এসে অসহ্য যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃহস্পতিবার বিকেলে বাড়িতেই চালে দেওয়া কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর পরিবারের লোকজন প্রথমে তাঁকে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মৃতের মেয়ে সান্ত্বনা মণ্ডল বলেন, বাবা দাঁত তুলে এসে অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরেই আত্মহত্যার চেষ্টা করেছিল।



