সংবাদদাতা, কাঁথি: সৈকতশহর দীঘায় শিশু শ্রমিক, গৃহহীন ও অসহায় শিশু-কিশোরদের খুঁজতে বিশেষ অভিযান শুরু করল পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা বিভাগ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট বিভাগের অধীন ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স (ডিটিএফ) বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু করেছে। অভিযানের নাম ‘রেসকিউ অপারেশন, চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট লেবার’। এ ব্যাপারে স্থানীয়ভাবে দীঘা ও দীঘা কোস্টাল থানার সহযোগিতা নেওয়া হয়েছে। এদিন দিনভর দীঘার রেলস্টেশন, দীঘার একাধিক বাজার, খাবারের হোটেল প্রভৃতিতে শিশু-কিশোর শ্রমিক খুঁজতে জোরদার অভিযান চলে। সমুদ্রসৈকতে এমন দুই কিশোরের সন্ধান পাওয়া গিয়েছে, যারা সৈকতে খেলনা, বেলুন প্রভৃতি বিক্রি করছে। যাদের মধ্যে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ১৩ বছরের এক কিশোর দারিদ্রের কারণে খেলনা বিক্রি করতে বাধ্য হচ্ছে। আর একজনের বয়স ১৫ বছর। সে স্কুলে যায় না। সৈকতে বেলুন বিক্রি করে। এই অভিযান লাগাতার চলবে বলে জানানো হয়েছে। এদিন জেলা শিশু সুরক্ষা বিভাগের প্রতিনিধিদের সঙ্গে ছিলেন দীঘা থানার ওসি অমিত প্রামাণিক, কোস্টাল থানার ওসি অরুণকুমার পতি। এছাড়া জেলা শিশু কল্যাণ বিভাগ ও শ্রমদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা শিশু সুরক্ষা বিভাগের কাঁথি ইউনিটের রিসোর্স পার্সন তথা কাঁথির বোধোদয় হোমের সুপার তাপস জানা বলেন, আমরা ওই কিশোরদের পরিবারের সঙ্গে কথা বলেছি। আমরা তাদের কাউন্সেলিং করব। তারপর হোমে রেখে পড়াশোনার ব্যবস্থা করা হবে। শিশু-কিশোররা যাতে সমাজের মূলস্রোতে ফিরতে পারে এবং মাথা উঁচু করে বাঁচতে পারে, তার সবরকম ব্যবস্থা করা হবে।



