Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ওড়িশায় নিয়ে যাওয়ার পথে পিড়াকাটায় আলুবোঝাই লরি আটক  

ওড়িশায় নিয়ে যাওয়ার পথে পিড়াকাটায় আলুবোঝাই লরি আটক
 
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: নিষেধাজ্ঞা অমান্য করে আলুর গাড়ি ভিনরাজ্যে পাঠানো হচ্ছিল। শালবনী থানার পিড়াকাটা পুলিস ফাঁড়ি এলাকায় আটটি আলুবোঝাই লরি আটক করা হল। বিপুল পরিমাণ আলু ওড়িশায় পাঠানো হচ্ছিল বলে জানা গিয়েছে। তাতেই বিক্ষোভে ফেটে পড়েন আলু ব্যবসায়ীরা। আলু ব্যবসায়ীদের কথায়, কলকাতা সহ শহরতলিতে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় উৎপাদিত আলুর চাহিদা একেবারে নেই। শুধু পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ১লক্ষ ৬৫ হাজার মেট্রিক টন আলু মজুত রয়েছে। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারে এই আলুর চাহিদা রয়েছে। আলু পাঠাতে না দেওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সরকার হয় আলু পাঠাতে দিক, নয়তো কিনে নিক। নিয়ম মেনেই আলু পাঠানো হচ্ছিল। পুলিস কোনও নির্দেশিকা দেখাতে পারেনি। পুলিসের তরফে কোনও সিজার লিস্ট দেওয়া হয়নি। পশ্চিম মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী কমিটির সম্পাদক বরুণ পণ্ডিত বলেন, শুধু পিড়াকাটা এলাকায় আটটি আলুর গাড়ি আটকানো হয়েছে। এছাড়া চন্দ্রকোণা রোড সহ বিভিন্ন এলাকায় ২০টি আলুবোঝাই গাড়ি আটকে দেওয়া হয়েছে। গাড়িগুলিতে প্রায় ১২হাজার প্যাকেট আলু ছিল। ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। আমাদের কথাও বিবেচনা করে দেখা হোক। স্টোরেজের সময়সীমা সরকার ৩১ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এই সময়ের মধ্যে বিপুল পরিমাণ আলু পাঠানো সম্ভব নয়। নিয়ম মেনেই আলু পাঠানো হচ্ছিল। পুলিস জানিয়েছে, সরকারি নির্দেশিকা অনুসারে ভিনরাজ্যে আলু পাঠাতে দেওয়া হচ্ছে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ