নয়াদিল্লি: ওড়িশায় কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কিট)-তে নেপালি ছাত্রীর আত্মহত্যা নিয়ে শোকপ্রকাশ করল কেন্দ্র। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারতে পড়তে আসা বিদেশি পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্প্রতি ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে অন্য নেপালি পড়ুয়ারা। এর জন্য তাঁদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। উত্তাল হয় কিট ক্যাম্পাস। যার রেশ ছড়ায় আন্তর্জাতিক মহলেও। এরপরই কেন্দ্র ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে নামল বলে মনে করা হচ্ছে। এদিন রণধীর বলেন, ‘পুরো বিষয়টি নিয়ে নেপাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।’ শুক্রবার ওই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠাতা তথা বিজেডির প্রাক্তন সাংসদ অচ্যুত সামন্ত সহ একাধিক আধিকারিককে জেরা করে রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। এদিন বিধানসভাতেও ছাত্রীমৃত্যু ও নেপালি পড়ুয়াদের হেনস্তার প্রসঙ্গ ওঠে। প্রতিটি দলই ঘটনার কড়া নিন্দা করে। তবে বিচারবিভাগীয় তদন্তের দাবি সরকার না মানায় ওয়াকআউট করে কংগ্রেস ও বিজেডি। বৃহস্পতিবার পুলিস ওই কলেজে আরও পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে।



