নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারের জালে ঘেরা সবুজ মাঠ। চারপাশে নারকেল, পাম গাছের সারি। গোয়ার সালভাদোরে ছবির মতো মাঠেই ওড়িশা বধের প্রস্তুতি সারল ইস্ট বেঙ্গল। তবে মন ভালো করা পরিবেশেও অস্কার ব্রুজোঁর কপালে চিন্তার রেখা স্পষ্ট। একে কার্ড সমস্যায় নেই মিগুয়েল। তার উপর মঙ্গলবার ওড়িশার বিরুদ্ধে আনোয়ারও অনিশ্চিত। জাতীয় দলের হয়ে খেলার সময় পেশিতে চোট পান তিনি। বেঙ্গালুরুর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে তুলে নিতে হয় তাঁকে। আধাফিট আনোয়ারকে কী ওড়িশার বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে? সূত্রের খবর, মঙ্গলবার সকালে তাঁর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লাল-হলুদ কোচ। নির্ভরযোগ্য স্টপার খেললে তিন ডিফেন্ডারের ফর্মেশনে দল সাজাবেন অস্কার। অন্যথায় রক্ষণে পরিকল্পনা বদলাতে হবে তাঁকে। পাশাপাশি গোড়ালির চোট সারিয়ে সদ্য ফিট হচ্ছেন রশিদ। প্যালেস্তাইনের মিডিওকেও পরিস্থিতি অনুযায়ী ব্যবহারের ভাবনা রয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্টের। সবমিলিয়ে চোট আঘাতে বেশ বিব্রত গোটা দল। তবে স্প্যানিশ কোচ অজুহাত দিতে নারাজ। গোয়া উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মলেনে জানিয়েছিলেন, ‘যে কোনও মূল্যে পুরো পয়েন্ট পেতেই হবে।’ প্রতিপক্ষ ওড়িশা চলতি টুর্নামেন্টে একেবারেই সুবিধা করতে পারছে না। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মহমেডান স্পোর্টিংয়ের উপরে রয়েছে তারা। অমরিন্দার, রহিম আলি, দেলগাডোর মতো চেনামুখ ওড়িশার ভরসা। তবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে পা হড়কানোর রেকর্ড কম নেই ইস্ট বেঙ্গলের। সাউল, বিপিনদের তাই পইপই করে সতর্ক করছেন অস্কার।



