নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোমর ছাড়িয়ে হাঁটুর কাছে ঝুলে পড়েছে জার্সি। মুখে দুষ্টুমিষ্টি হাসি। হিরোশির ফুলের মতো ছোট্ট মেয়ে কেইকে দেখে হেসে কুটোপুটি মিগুয়েল। জাপানি ফুটবলারটির বড় মেয়ে আকারি বোনকে সামলাতে সদাব্যস্ত। অন্যদিকে, হামিদের খুদে পুত্র তখন বাবার সঙ্গে বল পেটানোর জন্য আকুল। শুক্রবার ইস্ট বেঙ্গল অনুশীলনে ধরা পড়ল এমনই নানা মুহূর্তের কোলাজ। গোটা পরিকল্পনাই থিঙ্কট্যাঙ্কের। শিশুদিবসে সপরিবারে মাঠে এলেন ফুটবলাররা। প্র্যাকটিসের আগে কেক কেটে চলল সেলিব্রেশন। এমনই ফিল গুড পরিবেশে শুক্রবার দলের সঙ্গে যোগ দিলেন অস্কার ব্রুজোঁ। স্প্যানিশ কোচের মন্তব্য, ‘সামনে কঠিন লড়াই। সেভাবেই প্রস্তুতি নেবে ইস্ট বেঙ্গল।’ ৪ ডিসেম্বর সুপার কাপের সেমি-ফাইনালে মিগুয়েলদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। গ্রুপ লিগ ও নক-আউটের মাঝে প্রায় এক মাসের বিরতি। তাতে তাল কাটতে বাধ্য। সেটা বুঝেই সতর্ক অস্কার। এদিন ওয়ার্ম-আপের পর দু’দলে ভাগ করে ম্যাচ খেলালেন ফুটবলারদের। বোঝাই যাচ্ছে, কম্বিনেশন তৈরি করাই প্রধান লক্ষ্য। সেমি-ফাইনালের আগে দু’বেলা অনুশীলন চান তিনি। কার্ড সমস্যায় নিজেদের দুই উইং ব্যাককে পাবে না পাঞ্জাব। পড়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে উইং থেকে ঝড় তোলাই অস্কার ব্রুজোঁর লক্ষ্য।



