Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

দলের হাল ফেরাতে মাঠেই ম্যারাথন বৈঠক অস্কারের, পিছিয়ে ২৩ মার্চ ইস্ট বেঙ্গল-মহমেডান ম্যাচ

শেষ তিন ম্যাচে একটি হার, দু’টি ড্র। আইএসএলের শুরুতেই খেতাবি দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে ইস্ট বেঙ্গল। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লাল-হলুদ ব্রিগেড।

দলের হাল ফেরাতে মাঠেই ম্যারাথন বৈঠক অস্কারের, পিছিয়ে ২৩ মার্চ ইস্ট বেঙ্গল-মহমেডান ম্যাচ
  • ১৮ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ তিন ম্যাচে একটি হার, দু’টি ড্র। আইএসএলের শুরুতেই খেতাবি দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে ইস্ট বেঙ্গল। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে লাল-হলুদ ব্রিগেড। তার উপর সংবাদমাধ্যমের সামনে একাধিক বেফাঁস মন্তব্য করে দলের উপর চাপ আরও বাড়িয়েছেন কোচ অস্কার ব্রুজোঁ। এমন পরিস্থিতিতে কেরল ম্যাচের পরেই কোচ ছাঁটাইয়ের দাবিতে সরব হন লাল-হলুদ সমর্থকরা। তবে এখনই চাকরি খোয়াচ্ছেন না স্প্যানিশ কোচ। পরিস্থিতির চাপে তাঁকে হলুদ কার্ড দেখিয়ে রেখেছেন ইনভেস্টর কর্তারা। এমন অবস্থায় দলের হাল ফেরাতে ফুটবলারদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন অস্কার। মঙ্গলবার অনুশীলনের শুরুতে মাঠেই প্রায় পৌনে এক ঘণ্টা ফুটবলারদের সঙ্গে কথা বলেন তিনি। কার কোথায় কী সমস্যা হচ্ছে, তা জানার চেষ্টা করেন।

Advertisement

নির্ধারিত সূচি অনুযায়ী ২১ মার্চ মহমেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্ট বেঙ্গলের। তবে সেদিন ঈদ হওয়ার সম্ভাবনা প্রবল। তাই আপাতত সেই ম্যাচ দু’দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। ফলে মিনি ডার্বিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বাড়তি দু’দিন প্রস্তুতির সময় পাচ্ছেন অস্কার। প্রথম চার ম্যাচ হেরে লিগ টেবিলে সবার শেষে মহমেডান। তা সত্ত্বেও প্রতিপক্ষকে বেশ গুরুত্ব দিচ্ছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার অনুশীলনে মূলত ভুলত্রুটি শুধরে নেওয়ার উপর জোর দেন স্প্যানিশ কোচ। একইসঙ্গে পাসিং ফুটবল ও শ্যুটিংয়ের আলাদা প্রস্তুতি সারেন রশিদরা।
জামশেদপুর থেকে কেরল—মাঝমাঠে মিগুয়েল আটকে যেতেই যাবতীয় জোরাজুরি শেষ ইস্ট বেঙ্গলের। স্প্যানিশ কোচের প্ল্যান বি’র অভাবে ভুগতে হয়েছে লাল-হলুদ শিবিরকে। মহমেডান ম্যাচের আগে তাই এই বিষয়ে জোর দিতে চান অস্কার। একইসঙ্গে প্রথম একাদশেও আনতে পারেন বেশ কিছু পরিবর্তন। এদিন অনুশীলনে হাজির ছিলেন দলের ফুটবল হেড থংবই সিংটো। প্র্যাকটিস শেষে অস্কার বেরিয়ে গেলেও, দীর্ঘক্ষণ ড্রেসিং-রুমেই ছিলেন তিনি।
এদিকে, দলের একের পর এক খারাপ পারফরম্যান্সে তিতিবিরক্ত সমর্থকরা। এদিন তাই দলের অনুশীলনে পোস্টার হাতে হাজির হয়েছিলেন দুই অনুরাগী। তবে কালো উর্দিধারী নিরাপত্তারক্ষীদের চোখরাঙানিতে অনুশীলন মাঠের ধারেকাছেই পৌঁছাতে পারলেন না তাঁরা। অগত্যা দূর থেকেই কোচের জন্য অপেক্ষা করলেন। অস্কার অবশ্য অনুশীলন শেষে তাঁদের পাত্তাই দিলেন না। বরং বাড়ি ফেরার পথে গাড়িয়ে থামিয়ে ছোট্ট অনুরাগীকে অটোগ্রাফ দিলেন আনোয়ার আলি।

Advertisement
সম্পর্কিত সংবাদ