নিউ ইয়র্ক: ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ চারের টিকিট পাকা করলেন শীর্ষবাছাই আরিনা সাবালেঙ্কা। মঙ্গলবার কোটার্য়ার-ফাইনালের লড়াইয়ে তিনি বশ মানালেন লিন্ডা নোসকোভাকে। সাবালেঙ্কার পক্ষে ফল ৭-৬ (৭-১), ৩-৬ ও ৭-৬ (১০-৭)। ম্যাচের প্রতিটি সেটেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা মেলে। টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই লিন্ডা এক ইঞ্চি জমি ছেড়ে দেননি। তৃতীয় সেটে একটা সময় ম্যাচ পেণ্ডুলামের মতো ঝুলতে থাকে। শেষ পর্যন্ত স্নায়ুর চাপ বজায় রেখে টাই-ব্রেকারে শেষ হাসি হাসেন সাবালেঙ্কা।
পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিলেন আলেকজান্ডার জেরেভ। ইতালির লুসিয়ানো ডারডেরিকে স্ট্রেট সেটে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালের টিকিট পাকা করলেন শীর্ষ বাছাই এই তারকা। জেরেভের পক্ষে স্কোর ৬-২, ৬-২, ৭-৬ (৭-৩)। শেষ আটে তাঁর প্রতিপক্ষ ডাচ বোটিক ফান ডে জান্ডশুলপ। এদিকে, দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ কোয়ার্টার-ফাইনালে খেলবেন মার্কিন তারকা বেন শেলটনের বিরুদ্ধে।
কবজির চোট সারিয়ে দীর্ঘদিন পর কোর্টে ফিরেছেন আলকারাজ। এটি তাঁর ২১তম গ্র্যান্ড স্ল্যাম। এর মধ্যে ১৫বার শেষ আটে পৌঁছে নজির গড়েছেন স্প্যানিশ তারকা। ওপেন এরায় ১৫টি মেজর টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে ওঠা দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হলেন আলকারাজ। শীর্ষে রয়েছেন জন ম্যাকেনরো। ১৯৮৪ সালে মাত্র ২০টি গ্র্যান্ড স্ল্যাম খেলেই ১৫বার কোয়ার্টার-ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।
এদিকে, মহিলাদের সিঙ্গলসে শেষ আটের টিকিট পাকা করেছেন কোকো গফ। মার্কিন খেলোয়াড় ইভা জোভিচকে ৬-১, ৬-৪ ব্যবধানে হারিয়ে হারিয়েছেন তিনি। অপর ম্যাচে জাপানের নাওমি ওসাকাকে স্ট্রেট গেমে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন এলিনা রিবাকিনা। দ্বিতীয় বাছাই মহিলা তারকার পক্ষ্যে খেলার ফল ৬-১, ৬-৪।