বিশেষ সংবাদদাতা, আগরতলা: পরীক্ষার নামে কেলেঙ্কারির ছায়া বিজেপি শাসিত ত্রিপুরায়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠল ত্রিপুরা মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের প্রধান, প্রফেসর সোমা চৌধুরীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই এই ধরনের অনৈতিক কাজকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পড়ুয়াদের দাবি, তিনি মোটা অঙ্কের টাকা নিয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষায় পাশ করানোর আশ্বাস দিতেন। পাশাপাশি, ইচ্ছাকৃতভাবে কিছু পরীক্ষার্থীকে ফেল করিয়ে পরীক্ষায় পাশ করানোর জন্য অর্থ দাবি করতেন। শুধুমাত্র গত বছরই ১৮ থেকে ২২ জন শিক্ষার্থীর কাছ থেকে এভাবে অবৈধ টাকা নেওয়া হয়েছে। প্রতিটি ছাত্রছাত্রীর কাছ থেকে ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। অর্থাৎ, মোট অঙ্কের পরিমাণ প্রায় কোটি টাকা। সূত্রের খবর, এই দুর্নীতির বিষয়টি সামনে আসার পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজেই হস্তক্ষেপ করেন এবং কলেজ কর্তৃপক্ষকে দ্রুত তদন্তের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই কেলেঙ্কারির শিকার হয়েছেন বহু শিক্ষার্থী। এই দুর্নীতিতে আরও অনেক কলেজ কর্মকর্তা জড়িত থাকতে পারেন এবং অন্যান্য বিভাগেও এমন জালিয়াতি চলতে পারে দাবি শিক্ষার্থীদের।



