Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অর্থ নয়ছয়ের অভিযোগের পর এবার অ্যাম্বুলেন্স বিতর্কে স্বেচ্ছাসেবী সংস্থা

অর্থ নয়ছয়ের অভিযোগের পর এবার অ্যাম্বুলেন্স বিতর্কে স্বেচ্ছাসেবী সংস্থা
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: অর্থ নয়ছয়ের অভিযোগের পর ফের বিতর্কে জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ওই সংস্থার ব্যবহার করা দু’টি অ্যাম্বুলেন্সেরই ‘ফিটনেস ফেল’ বলে সোমবার অভিযোগ জমা পড়ল জেলা পরিবহণ দপ্তরে। সংস্থারই এক প্রাক্তন কর্মী এ ব্যাপারে আঞ্চলিক পরিবহণ আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।
Advertisement
অভিযোগকারীর দাবি, দু’টি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি তাঁর নামে কেনা হয়েছিল। কিন্তু পরে মিথ্যে অভিযোগ তুলে তাঁকে সংস্থা থেকে বের করে দেওয়া হয়। অথচ তাঁর নামে কেনা অ্যাম্বুলেন্সটি এখনও ওই স্বেচ্ছাসেবী সংস্থা ব্যবহার করছে।
অভিযোগকারীর বক্তব্য, তাঁর নামে কেনা যে অ্যাম্বুলেন্সটি ওই স্বেচ্ছাসেবী সংস্থা ব্যবহার করছে, তার ইনসিওরেন্স, পলিউশন, ট্যাক্স সবটাই ফেল। ফিটনেসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় অ্যাম্বুলেন্সটি রোগী বহন করছে। রাস্তায় যদি কোনও দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে তিনি আইনের জালে জড়িয়ে পড়তে পারেন, এই আশঙ্কা থেকেই পরিবহণ দপ্তরে আগাম অভিযোগ জানাচ্ছেন। অভিযোগকারীর আরও বক্তব্য, অন্য এক ব্যক্তির নামে কেনা দ্বিতীয় যে অ্যাম্বুলেন্সটি ওই স্বেচ্ছাসেবী সংস্থা ব্যবহার করছে, সেটিরও কাগজপত্র সব ফেল। অভিযোগপত্রের সঙ্গে গাড়ির নম্বর ও যাবতীয় তথ্য জমা দিয়ে এ ব্যাপারে পরিবহণ দপ্তরের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন অভিযোগকারী।
বিষয়টি নিয়ে জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক নবীন অধিকারী বলেন, আমার হাতে এখনও অভিযোগপত্র এসে পৌঁছয়নি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্তার দাবি, অর্থ নয়ছয়ের অভিযোগে ওই কর্মীকে সংস্থা থেকে বের করে দেওয়া হয়েছিল। তিনিই এখন সংস্থার বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ জানাচ্ছেন। পরিবহণ দপ্তরে যাচ্ছেন। বিষয়টি হাস্যকর। পুলিস আমাদের কাছে কিছু কাগজপত্র চেয়েছিল। সেসব জমা দিয়েছি। মঙ্গলবার আরও কিছু কাগজপত্র জমা দেব। অ্যাম্বুলেন্সের ফিটনেস ফেল নিয়ে তাঁর সাফাই, অভিযোগকারীর নামে যে অ্যাম্বুলেন্স আমাদের কাছে রয়েছে, সেটির শুধু কিস্তির টাকা মেটানোর কথা সংস্থার। যাঁর নামে অ্যাম্বুলেন্স, তাঁকেই তো কাগজপত্র ঠিক করতে হবে। এ ব্যাপারে আমাদের কী করার আছে? আর দ্বিতীয় যে অ্যাম্বুলেন্সটির কথা বলা হচ্ছে, সেটির ফিটনেসের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে।
সম্পর্কিত সংবাদ