Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অর্থ লেনদেনে সমস্যায় মুর্শিদাবাদের বাসিন্দারা

অর্থ লেনদেনে সমস্যায় মুর্শিদাবাদের বাসিন্দারা
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: দু’ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় কেনাকাটা, ব্যবসায়িক লেনদেন করতে প্রচণ্ড সমস্যায় মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা। স্বভাবতই এটিএম কাউন্টারগুলিতে লম্বা লাইন পড়ছে। ব্যাঙ্কগুলিতেও টাকা তোলার জন্য ভিড়। সব মিলিয়ে ইন্টারনেট বন্ধের প্রভাব জনজীবনে নানা সমস্যা তৈরি করেছে।
Advertisement
প্রসঙ্গত, সম্প্রতি বেলডাঙায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রবিবার থেকে জেলাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আধুনিক ইন্টারনেট নির্ভর জনজীবনে তার ব্যাপক প্রভাব পড়েছে। বিভিন্ন পেমেন্ট অ্যাপ ও নেট ব্যাঙ্কিং কাজ না করায় ব্যবসায়িক লেনদেন, কেনাকাট বন্ধ হওয়ার জোগাড়। অনেকেই ধারে কেনাকাটা করছেন, ব্যাঙ্কে, এটিএমে ভিড় বাড়ছে। পড়াশোনা, চাকরির আবেদন করা সব বন্ধ। বিশেষত অনলাইন ব্যবসায় ব্যাপক প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। আধুনিক সময়ে শখের জিনিসপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার ব্যাপারে অধিকাংশ মানুষই অনলাইন শপের উপর নির্ভরশীল। তা প্রায় লাটে উঠেছে। তবে এই সুযোগে পাড়ার দোকানগুলির ব্যবসা বেড়েছে প্রায় ৩০ শতাংশ বলে জানালেন কান্দি ব্যবসায়ী সমিতির সহকারী সম্পাদক শিবনাথ চন্দ্র।
বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ইন্টারন্টে পরিষেবা বন্ধ থাকায় রবিবার থেকে চরম সমস্যায় পড়েছেন তাঁরা। একদিকে যেমন অনলাইন শপিং করতে পারছেন না। তেমনি স্থানীয় দোকানে কেনাকাটা করে অনলা‌ইনে পেমেন্টও করতে পারছেন না। কান্দি শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভেন্দু পাল বলেন, রবিবার থেকে চরম সমস্যা দেখা দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন পেমেন্ট করে থাকি। কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় অ্যাপগুলি কাজ করছে না। তাই নগদে কেনাকাটা করতে হচ্ছে। সমস্যা হল বাড়িতে নগদও বেশি না থাকায় নাজেহাল অবস্থায় পড়েছি। খুচরো দোকান থেকেও বাকিতে জিনিস কিনতে হচ্ছে। তাতে আমাদের লজ্জায় পড়তে হয়েছে। কান্দির ঘড়ি বিক্রেতা সুদীপ সিনহা বলেন, অনলাইনে লেনদেন বন্ধ হওয়ায় অনেক পরিচিত মুখ দোকানে এসে বাকিতে জিনিস নিয়ে যাচ্ছেন।
কান্দি মহকুমার সালার, ভরতপুর, বড়ঞা ও খড়গ্রামেও একই পরিস্থিতি। খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত বলেন, বর্তমান সময়ে অধিকাংশ মানুষ ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছেন। বিশেষ করে বাড়িতে নগদ অর্থ এখন আর কোনও পরিবারই বেশি রাখেন না। যে কারণে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। তবে এই সমস্যা সাময়িক। অল্প সময়ের মধ্যেই সমস্যা মিটে যাবে বলে আশা করা যায়।
এদিকে রবিবার বিকেল থেকেই নোটবন্দির ছবি ফের দেখা গিয়েছে এলাকায়। জেলার সমস্ত এটিএম কাউন্টারের সামনে টাকা তোলার লম্বা লাইন দেখা যাচ্ছে। কান্দি স্বরূপখালের কাছে এটিএম কাউন্টারে রবিবার সোমবার দু’ দিনই দীর্ঘক্ষণ ধরে লম্বা লাইন দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দা অপরেশ বন্দ্যোপাধ্যায় বলেন, অনলাইন পেমেন্ট বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছি। বাড়িতে রাখা নগদও শেষের মুখে। সোমবার সকাল থেকেই এলাকার ব্যাঙ্কগুলিতে টাকা তোলার লম্বা লাইন দেখা গিয়েছে। কান্দির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা তোলার লাইনে দাঁড়িয়ে কিতাবুল শেখ নামে এক গ্রাহক বললেন, বহুদিন পর টাকা তোলার জন্য দু’ ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। 
সম্পর্কিত সংবাদ