Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুর শহরে রেলের জমিতে থাকা ৩৬টি পার্টি অফিস সরানোর নির্দেশ

খড়্গপুর শহরে রেলের জমিতে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস সরানোর নোটিস দেওয়া হল।

খড়্গপুর শহরে রেলের জমিতে থাকা ৩৬টি পার্টি অফিস সরানোর নির্দেশ
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহরে রেলের জমিতে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস সরানোর নোটিস দেওয়া হল। শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর বিভাগ থেকে এই নোটিস দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরকম ৩৬টি পার্টি অফিস রয়েছে। বৃহস্পতিবার দলগুলিকে এই নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে তৃণমূলের ২১টি, বিজেপির ১২টি, কংগ্রেসের দু’টি ও সিপিএমের একটি অফিস আছে। আগামী ১৫দিনের মধ্যে অফিসগুলি সরিয়ে নিতে বলা হয়েছে। 

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলওয়ে কলোনি এলাকায় রেলের জমি জখরদখল অপসারণের জন্য এই নোটিস। বলা হয়েছে, পার্টি অফিসগুলি রেলের সম্পত্তি দখল করে পরিচালিত হচ্ছে। ১৫দিনের মধ্যে অফিসগুলি সরানো না  হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিসে বলা হয়েছে। 
তৃণমূল নেতা তথা প্রাক্তন চেয়ারম্যান রবিশঙ্কর পান্ডে বলেন, এরকম কোনও নোটিস এখনও আমরা পাইনি। নোটিস পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অনেক অফিস দীর্ঘদিন ধরেই চলছে। বিজেপির খড়্গপুরের কো-অর্ডিনেটর গৌতম ভট্টাচার্য বলেন, রেল তাদের সম্পত্তি খালি করবে, এতে বাধা দেওয়ার কোনও প্রশ্ন নেই। 
প্রসঙ্গত, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে রেলের বাংলোয় রাজনৈতিক কার্যকলাপ  চালাতেন। সম্প্রতি তৃণমূল নেতা দেবাশিস চৌধুরী তথ্য জানার অধিকার আইনে পাওয়া তথ্য সামনে এনে দিলীপবাবু অবৈধভাবে বাংলো ব্যবহার করছেন বলে দাবি করেন। যদিও বাংলো দিলীপবাবুর নামে বরাদ্দ ছিল না। সম্প্রতি রেল সেই বাংলো খালি করার নোটিস দেয়। বিজেপির জেলা সভাপতি সমিত মণ্ডল রেলের জমিতে গড়ে ওঠা তৃণমূলের অফিসগুলি নিয়ে তথ্য জানার অধিকার আইনে রেলকে চিঠি দেন। বিষয়টি খড়্গপুরের ডিআরএমের নজরেও আনেন। এরপরই রেল এই নোটিস জারি করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ