Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে আরমবাগে মহামিছিল

অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে আরমবাগে মহামিছিল
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে মহামিছিল হল আরামবাগে। শনিবার আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের উদ্যোগে এই মিছিলে মহিলাদের ঢল নামে। ‘চাই সত্বর, অপরাজিতায় স্বাক্ষর’-এই দাবিকে সামনে রেখে আন্দোলনে নামেন মহিলা তৃণমূলের কর্মীরা। এদিন মিছিলে অংশ নেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, দলের আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী করবী মান্না, জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, দলের চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী প্রমুখ। এদিন আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। তা বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকায় শেষ হয়। 
Advertisement
করবীদেবী এদিন অপরাজিতা বিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। তিনি এক্ষেত্রেও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, চলতি বছরের ২ সেপ্টেম্বর বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় অপরাজিতা বিল পাশ হয়। বিরোধীদের সম্মতি নিয়েই তা হয়। কিন্তু এই বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর এখনও আটকে রয়েছে। তারফলে আইন প্রণয়ন হয়নি। রাষ্ট্রপতি সই করলে কেন্দ্রীয় সরকার তা লোকসভায় আইন হিসেবে প্রণয়ন যাতে করে তার দাবিতেই এদিন মিছিল করা হয়েছে। 
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী শিশু ও মহিলাদের সুরক্ষার স্বার্থে এই অপরাজিতা বিল করেছেন। যা শুধু রাজ্য নয়, গোটা দেশের মানুষের উপকার হবে। একমাত্র আমাদের মুখ্যমন্ত্রীই এমন একটি উপযোগী বিলের বিষয়ে ভেবেছেন। কিন্তু, কেন্দ্রীয় সরকার সেই বিলকে আইনে প্রণয়ন করতে সম্মতি দিচ্ছে না। এরফলে ফের কেন্দ্রীয় বঞ্চনা সামনে এসেছে। কিন্তু, আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব। এদিন আরামবাগে মহিলাদের অংশগ্রহণ প্রমাণ করেছে তাঁদের কণ্ঠস্বর দিল্লি পর্যন্ত পৌঁছেছে।
সম্পর্কিত সংবাদ