বিরোধী দলনেতা বাছাই: বিজেপির বিরুদ্ধে ব্যাকডোর পলিটিক্সের অভিযোগ কুণালের
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার ছুটির দিনে হঠাৎ বিধানসভায় হাজির হলেন স্পিকার রথীন্দ্র বসু। তিন ঘণ্টা ছিলেন তিনি। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, বিরোধী দলনেতা বাছাই সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তার পরিপ্রেক্ষিতেই স্পিকার বিধানসভার আধিকারিক এবং আইনজীবীদের সঙ্গে আলোচনা করেন এবং পরামর্শ নেন। পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তারমধ্যে ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। রাজনৈতিক মহল মনে করছে, হাইকোর্ট যে ১০ দিনের সময়সীমা দিয়েছে, তার মধ্যেই বিরোধী দলনেতা নির্বাচন স্পিকার করে ফেলবেন। তার জন্য তড়িঘড়ি ভিত্তিতে ছুটির দিনে বিধানসভায় ছুটে আসেন তিনি। শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে খারিজ হয়েছে বিরোধী দলনেতার পদ। আপাতত রাজ্যের বিরোধী দলনেতা নন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশে দশ দিন সময় দেওয়া হয়েছে বিধানসভার অধ্যক্ষকে বিরোধী দলনেতা বাছাইয়ে। এদিকে বিরোধী দলনেতা বাছাই সংক্রান্ত বিষয়ে স্পিকারের কার্যক্রমের দিকে নজর রেখে মমতা তৃণমূল কংগ্রেস এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস দু’পক্ষই তাদের মতো করে আলাপ-আলোচনা প্রস্তুতি শুরু করে দিয়েছে। আইনজীবীদের পরামর্শ নিয়ে রাখা হচ্ছে। পরবর্তী পরিস্থিতির দিকে সবরকম পদক্ষেপের রাস্তা নিয়ে তারা আলোচনা চালাচ্ছে। ফের আইনের রাস্তায় যাওয়া হবে কি না, তার মতামত নেওয়া হচ্ছে। বিধানসভা কর্তৃপক্ষ আইনের পথে গিয়ে এবং হাইকোর্টের নির্দেশ অনুসারে কীভাবে বিরোধী দলনেতা বাছাই করা হবে, তার আলোচনা চালাচ্ছে। বিরোধী দলনেতা বাছাইয়ে বিধায়কদের আস্থা ভোট কবে নেওয়া হবে, সেটা নিয়েও বিধানসভার অন্দরে চর্চা চলছে।

Advertisement

তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ফের বিরোধী দলনেতা করতে বিজেপি এবং প্রশাসন উঠে পড়ে লেগেছে এমন অভিযোগ তুলেছেন মমতা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, আবার ব্যাকডোর পলিটিক্স শুরু। শিরদাঁড়াহীন আত্মসম্মানহীন পদলোভীদের শিক্ষা হয় না। সরকারি দলের মদতে নতুন ছকে পিছনের দরজার অঙ্ক শুরু। মুখ্যমন্ত্রী খামোকা একটা বিশ্বাসযোগ্যতাহীন ভাঁড়ের সঙ্গে নিজের নাম জড়িয়ে ফেলছেন। আবার পুলিশের কাজ বাড়বে। আবার নতুন অঙ্কে চাটনের সই তুলতে বিধায়কদের পিছনে পুলিশ নামাতে হবে। এতে পদ আসে। মান থাকে?
পালটা ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামান বলেন, আমাদের হাতে কতজন বিধায়কের সমর্থন আছে, তা আস্থা ভোট হলেই প্রমাণ হয়ে যাবে। মমতা শিবিরের আস্থা ভোটে এত ভয় কেন? ওরা জিততে পারবে না জানে। কারণ ওদের প্রতি বিধায়কদের সমর্থন নেই।
অন্যদিকে মমতা তৃণমূল কংগ্রেসকে চড়া সুরে আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেতা তাপস রায়। তাঁর বক্তব্য, বাংলার যে ক্ষতি তৃণমূল করেছে, তাতে ওই দলটা যত তাড়াতাড়ি যায়, ততই বাংলার মানুষের মঙ্গল।