সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার আলোককেন্দ্র কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটে তৃণমূলের কাছে ধরাশায়ী হল বিরোধীরা। শনিবার ভোটগ্রহণ করা হয়। রবিবার জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় উৎসব করে তৃণমূল কংগ্রেস। ব্লক সভাপতি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর জয়ী প্রার্থীদের মিষ্টিমুখ করান। সবুজ আবির উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান তুলে আনন্দে মাতেন প্রার্থী ও কর্মীরা। ব্লক সভাপতি বলেন, এখনও পর্যন্ত যতগুলি সমবায় ভোট হয়েছে সবগুলিতেই তৃণমূল জয়ী হয়েছে। আবার প্রমাণ হল ডেবরার মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন। ৫৬টি আসনের মধ্যে ৫৫টিতে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। বিজেপি একটি আসনে জয়ী হলেও খাতা খুলতে পারেনি সিপিএম। তৃণমূলের ব্লক সভাপতি বলেন, একটি আসনে আমাদের প্রার্থীর মনোনয়নপত্র স্ক্রুটিনিতে বাদ হয়ে যায়। সত্যপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা অঞ্চল সভাপতি চন্দন বেরা, প্রবীর ভুঁইয়া, হীরম্বর মাহাতর নেতৃত্বে এই জয় সম্ভব হয়েছে। সমস্ত প্রার্থী ও ভোটারদের তৃণমূলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। সিপিএম নেতা প্রাণকৃষ্ণ মণ্ডল বলেন, আমরা ১১টি আসনে প্রার্থী দিয়েছিলাম। কিন্তু তৃণমূল ভোট করতে দেয়নি। বিজেপি নেতা কাশীনাথ বসু বলেন, আমরা ৩২টি আসনে প্রার্থী দিয়েছিলাম। একটি আসনে জয়ী হয়েছি।



