Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রতিপক্ষ সুরুচি সঙ্ঘ, জয়ে চোখ বাগানের

তিন সপ্তাহেরও বেশি সময় পরে কলকাতা লিগের ম্যাচে নামছে মোহন বাগান। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সুরুচি সঙ্ঘ।

প্রতিপক্ষ সুরুচি সঙ্ঘ, জয়ে চোখ বাগানের
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন সপ্তাহেরও বেশি সময় পরে কলকাতা লিগের ম্যাচে নামছে মোহন বাগান। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সুরুচি সঙ্ঘ। যেনতেনপ্রকারেণ এই ম্যাচে জয় চান কোচ ডেগি কার্ডোজো। কারণ, লিগকে গুরুত্ব না দিয়ে সুপার সিক্সের অঙ্ক কঠিন হয়ে পড়েছে সবুজ-মেরুনের। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। টেবিলে শেষ তিনে আসতে হলে বাকি সবক’টি ম্যাচই কার্যত মরণবাঁচন লড়াই পালতোলা নৌকার। পক্ষান্তরে, ছেড়ে কথা বলবে না সুরুচিও। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে রয়েছে তারা।

Advertisement

শেষ ম্যাচে লিগের ডার্বিতে ইস্ট বেঙ্গলের কাছে ২-৩ ব্যবধানে হেরেছিল মোহন বাগান। এরপর ডুরান্ড কাপের দোহাই দিয়ে মেসারার্সের বিরুদ্ধে দল নামায়নি বাগান ম্যানেজমেন্ট। কিন্তু ডুরান্ডেও কোয়ার্টার-ফাইনালে মর্যাদার ডার্বিতে মুখ থুবড়ে পড়ে পালতোলা নৌকা। ফলে কলকাতা লিগে খেলতে তাদের অসুবিধা নেই। লিওয়ান কাস্তানা, পাসাং দর্জি তামাং সহ দশ ফুটবলার ঘরোয়া লিগের দলে যোগ দিয়েছেন। এদিন কোচ ডেগির তত্ত্বাবধানে পুরোদমে মহড়া সারেন তাঁরা। অনুশীলনে মূলত উইং প্লে’র উপরই বেশি জোর দিলেন সবুজ-মেরুন কোচ। শুরুতেই গোল তুলে প্রতিপক্ষকে চাপে ফেলাই লক্ষ্য মোহন বাগানের। চোট সারিয়ে দলে ফিরেছেন অধিনায়ক সন্দীপও। মাঝমাঠে তিনিই মোহন বাগানের ভরসা। কিন্তু সুহেল ভাট, দীপ্যেন্দু বিশ্বাসরা সিনিয়র দলের সঙ্গে প্রস্তুতি সারছেন। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের পাচ্ছেন না কোচ ডেগি। 
অন্যদিকে, এদিন বিকেলে মোহন বাগান মাঠে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র প্রস্তুতি সারলেন জেসন কামিংস, লিস্টন কোলাসোরা। প্রথম ম্যাচে মোহন বাগানের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফসি। হাতে প্রায় এক মাস সময় রয়েছে। এর মধ্যে ফুটবলারদের ফিটনেস চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়াই লক্ষ্য কোচ হোসে মোলিনার।
  নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল তিনটেয়। সম্প্রচার এসএসইএন অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ