চেন্নাই: পর পর তিন ম্যাচে হার। ব্যাটিং, বোলিং কোনও কিছুই ভালো হচ্ছে না। তার উপর মহাতারকা মহেন্দ্র সিং ধোনির চোট। ছাব্বিশের আইপিএলে বড়ই অগোছালো লাগছে চেন্নাই সুপার কিংসকে। পয়েন্ট তালিকায় সবার শেষে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। এই আবহে শনিবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে সিএসকে। অক্ষর প্যাটেল, লোকেশ রাহুলরা দুরন্ত ফর্মে। গত ম্যাচে গুজরাতের কাছে এক রানে না হারলে টেবিলে দ্বিতীয় স্থানেই থাকতেন তাঁরা। সেই ব্যর্থতা ভুলে আবার এগিয়ে যেতে সংকল্পবদ্ধ দিল্লি। সেই কারণেই ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংসের লড়াইটা সহজ হবে না।
এবারের আইপিএলে সিএসকে’র ব্যাটিং বড়ই দুর্বল দেখাচ্ছে। তার বড় কারণ সঞ্জু স্যামসন ও ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের ফর্মে না থাকা। রাজস্থান থেকে সঞ্জুকে জামাই আদর করে আনা হয়েছে। অনেকের ধারণা ছিল, বিশ্বকাপের মতো ফর্মে সঞ্চু ধরা দেবেন হলুদ জার্সি গায়ে। কিন্তু আচমকাই তাঁর ব্যাটে রানের খরা। বাকি ব্যাটারদের খেলাতেও তেমন ঝাঁঝ চোখে পড়ছে না। তার উপর ধোনির অনুপস্থিতি দলকে আরও চাপে ফেলেছে।
মাহি মাঠে থাকলে রণকৌশল তৈরিতে বড় ভূমিকা নেন। এবার সেটা লক্ষ্য করা যাচ্ছে না। ধোনি না খেলায় সুযোগ পাচ্ছেন ব্রেভিস। এখনও পর্যন্ত তিনি ব্যর্থই। তবে সরফরাজ খান ও শিবম দুবের মতো মারকুটে ব্যাটাররা জ্বলে উঠলে থামানো কঠিন। চেন্নাইয়ের বোলিং অবশ্য শক্তপোক্ত নয়। পেস আক্রমণে জেমি ওভারটন, ম্যাট হেনরি, খলিল আহমেদ ও অংশুল কম্বোজ খেলছেন। স্পিনে ভরসা নুর আহমেদ।
অন্যদিকে, দিল্লি এবার আগাগোড়াই টিম গেমে জয় পাচ্ছে। তার উপর গত ম্যাচে ফর্মে ফিরেছেন লোকেশ রাহুল। শুরুতে নিশাঙ্কার সঙ্গে তাঁর জুটি টিকে গেলে চেন্নাইয়ের কাজ আরও কঠিন হবে। নীতীশ রানা অবশ্য ধারাবাহিকতা দেখাতে পারছেন না। তাই তাঁকে বসিয়ে আশুতোষ শর্মাকে খেলানো হতে পারে। এখনও পর্যন্ত দিল্লির সবচেয়ে সফল ব্যাটার সমীর রিজভি। প্রথম দু’টি ম্যাচে তিনি কার্যত একাই জিতিয়েছিলেন দলকে। মিডল অর্ডারে বড় ভরসা মিলার ও অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবস। চেন্নাইয়ের তুলনায় দিল্লির বোলিং শক্তিশালী। পেস আক্রমণে লুঙ্গি এনগিডি, মুকেশ কুমারের সঙ্গে নটরাজন খেলছেন। চিপকের পিচে স্পিনাররা সুবিধা পেলে কুলদীপ যাদব ভয়ঙ্কর হয়ে উঠবেন।