Bartaman Logo
২২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রতিপক্ষ অস্ট্রিয়া, আজ ফের মেসি ম্যাজিকের অপেক্ষা

প্রতিপক্ষ অস্ট্রিয়া, আজ ফের মেসি ম্যাজিকের অপেক্ষা
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সঞ্জয় সরকার: রবিবার ফাদার্স ডে’তে সোশ্যাল মিডিয়ায় একের পর এক আবেগঘন পোস্ট। তারই মধ্যে চোখ টানল পাশাপাশি দু’টি ছবি। একদিকে বাবা জর্জ মেসির সঙ্গে লিও। অপর ছবিতে তিন ছেলেকে নিয়ে দাঁড়িয়ে বাঁ পায়ের জাদুকর। তিন প্রজন্মের আবেগঘন কোলাজ। ফাদার্স ডে’তে যা পোস্ট করেছেন এক অনুরাগী। বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে এলএমটেনের জন্য ছবিগুলি যথার্থ অর্থেই প্রতীকী। আসলে কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন মেসির বাবা। আর্জেন্তিনার সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে জর্জের মৃত্যুর খবর। গুজবে বিরক্ত মেসির পরিবার বিবৃতি দিয়ে জানায়, এমন মিথ্যা প্রচার যেন না করা হয়। একই সঙ্গে বলা হয়, তাঁর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তবে কঠিন সময়ে বাবার পাশে না থাকতে পারায় মন খারাপ লিওর। তাঁকে আরও আবেগপ্রবণ করছে পিতৃদিবসের নস্টালজিয়া। রবিবার প্র্যাকটিসে পৌঁছেই অবশ্য একেবারে অন্য মানুষ তিনি। আসলে বল পায়ে থাকলে জগতের কোনো উদ্বেগই যে মেসিকে স্পর্শ করতে পারে না! এখন তাঁর পাখির চোখ স্রেফ টানা দ্বিতীয়বার বিশ্বজয়। সেই লক্ষ্যেই সোমবার ফের মাঠে নামছে আর্জেন্তিনা। অস্ট্রিয়ার বিপক্ষে জিতে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই নক-আউটের টিকিট নিশ্চিত করতে চায় স্কালোনি ব্রিগেড। আর অনুরাগীরা অপেক্ষা? আরও এক মেসি ম্যাজিকের।

Advertisement

খেতাব রক্ষার লড়াইয়ে শুরুটা দারুণ করেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকের সৌজন্যে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। তবে অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্তিনা শিবিরে নতুন করে মাথাচাড়া দিয়েছে চোট সমস্যা। তাই সোমবার প্রথম একাদশে দু’টি পরিবর্তন আনতে পারেন কোচ স্কালোনি। তাছাড়া গত ম্যাচে উইং-ব্যাক পজিশনে বেশ কিছু দুর্বলতা চোখে পড়েছে। তা দ্রুত কাটিয়ে ওঠাই লক্ষ্য। রবিবার কানসাস সিটি থেকে আর্লিংটনে পৌঁছান মেসিরা। তার আগে রুদ্ধদ্বার অনুশীলনে ছোটোখাটো দুর্বলতা শুধরে নেওয়ায় জোর দেন স্কালোনি।
আর্জেন্তিনার পাশাপাশি জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে অস্ট্রিয়াও। বায়ার্ন মিউনিখে থাকাকালীন একাধিকবার মেসিকে সামলেছেন অধিনায়ক ডেভিড আলাবা। বর্তমানে তিনি খেলেন রিয়াল মাদ্রিদে। এছাড়া রক্ষণে রয়েছেন লিয়েনহার্ট, স্টেফান পশের মতো বড়ো চেহারার ফুটবলার। তাই আর্জেন্তিনার জন্য কাজটা একেবারে সহজ হবে না। তবে কৌলিন্য ও আভিজাত্যে অস্ট্রিয়ার চেয়ে কয়েক যোজন এগিয়ে মেসিরা। তিন পয়েন্টের সঙ্গে রাউন্ড অব ৩২-র টিকিট হাতে নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য গতবারের চ্যাম্পিয়নদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ