সংবাদদাতা, কাঁথি: নাবালিকা অপহরণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল মারিশদা থানার পুলিস। অপহৃতা নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুজন জানা। বাড়ি পটাশপুরের শ্রীরামপুর গ্রামে। জানা গিয়েছে, কয়েকদিন আগে সুজন মারিশদার কুমিরদা এলাকার নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে পালায় বলে অভিযোগ। নাবালিকার বাড়ির লোকজন থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে মঙ্গলবার ওই যুবককে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধার করে।
Advertisement
অন্যদিকে, দীঘা থানা এলাকার এক নাবালিকাকে অপহরণের ঘটনায় সহযোগিতা করার অভিযোগে পুলিস অভিযুক্ত যুবকের বাবাকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম জহরেশ্বর মহাপাত্র। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার কুঞ্জাবাগড়া গ্রামে। জানা গিয়েছে, কুঞ্জাবাগড়া গ্রামের এক যুবক দীঘা এলাকার এক নাবালিকাকে কয়েকদিন আগে অপহরণ করে। ঘটনার পর বাড়ির লোকজন থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে অপহরণকারী যুবকের বাবাকে মঙ্গলবার গ্রেপ্তার করে। তাদের বাড়ি থেকেই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারী যুবক পলাতক।



