নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ভোরবেলা ঘুম ভেঙে চায়ের কাপে ঠোঁট ছোঁয়ানোর আগেই অপ্রত্যাশিত খুশির খবর— পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ন’ জায়গায় জঙ্গিদের ডেরা গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। আকাশ সীমা লঙ্ঘন না করেই দূর নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের আঘাতে একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে। তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশের শুরু। তারপর চলল উৎসব, মিষ্টিমুখ। হিলি থেকে হলদিবাড়ি, চায়ের ঠেক থেকে অফিস কাছারি, বুধবার সকাল থেকে আলোচনার মূল বিষয়, ‘অপারেশন সিন্দুর’। সর্বত্র ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা। অনেকেই একটা বিষয়ে একমত, পহেলগাঁওয়ের ঘটনার পর মানুষের মনে যে ক্ষোভ তৈরি করেছিল তাতে কিছুটা প্রলেপ দিল এই সেনা অভিযান। এক লহমায় ফিরল স্বস্তি। এই ঘটনার পর পাকিস্তানের পদক্ষেপ কী হবে? দেশের বিভিন্ন রাজনৈতিক দল কে কী মতামত দিচ্ছে তা নিয়েই আলোচনার ঝড় চলল দিনভর। কিছুক্ষণ পরপরই মোবাইল স্ক্রিনে ভেসে আসা অপারেশনের ভিডিওতে চোখ বুলিয়ে নিয়ে একে অপরকে দেখিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলেই। জঙ্গিগোষ্ঠীদের দুর্গ গুঁড়িয়ে দেওয়ার পক্ষে একমত বিশিষ্টরা। জঙ্গি এবং তাদের মদতদাতাদের সবক শেখানোর ক্ষমতা যে ভারতের রয়েছে,সেই বার্তা দিয়েছে দেশের সেনাবাহিনী। তাদের দুর্জয় অভিযানকে স্যালুট জানাচ্ছে আমজনতা। বুধবার গৌড়বঙ্গের বিভিন্ন শহরে চলল বিজয়োত্সব, মিষ্টিমুখ।



