নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: মাদক পাচারে বাধা পেয়ে পুলিসকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। যদিও লক্ষ্যভ্রষ্ট হওয়ায় রক্ষা পেয়েছেন পুলিসকর্মীরা। সোমবার রাতের ওই ঘটনায় রাজনগর থানার পুলিস তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম শেখ ইসমাইল, শেখ মুর্তুজা ও শেখ জিয়ারুল। সকলেই কাঁকরতলা থানা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় সাড়ে ৮লিটার নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। ঝাড়খণ্ড থেকে ওই মাদক এনে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে পুলিসের অনুমান। যদিও এই ঘটনায় যুক্ত আরও কয়েকজন দুষ্কৃতী পলাতক রয়েছে বলে জানা গিয়েছে। তাদের খোঁজে পুলিস তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ধৃতদের ছ’দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
জেলার পুলিস সুপার আমনদীপ বলেন, পুলিসকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে কেউ জখম হননি। এই ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই রাতে রাজনগর থানা এলাকার আড়ালি গ্রামে পুলিসি টহল চলছিল। সেসময় আড়ালি-মুরাদগঞ্জ রাস্তা ধরে আসা দু’টি বাইক পুলিসকে দেখে আচমকা দাঁড়িয়ে পড়ে। তা দেখে পুলিসের সন্দেহ হয়। পুলিস এগিয়ে যেতেই একটি বাইকে থাকা দুষ্কৃতীরা রুট বদল করে দ্রুত উল্টোপথে পালানোর চেষ্টা করে। অন্য বাইকে থাকা দুষ্কৃতীরা পুলিসকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। তারাও বাইক ঘুরিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয়। ঘটনাস্থলে টহলদারি চালানো পুলিসকর্মীরা দুষ্কৃতীদের ধাওয়া করে। ঘটনার খবর জানানো হয় থানায়। দ্রুত ওই রাস্তা ঘিরে ফেলে লোকপুর, চন্দ্রপুর, দুবরাজপুর থানার পুলিস। প্রায় এক কিলোমিটারের বেশি পথ ধাওয়া করে একটি বাইকে থাকা তিনজনকে পাকড়াও করা হয়। যদিও অন্য বাইকে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে প্রায় সাড়ে ৮লিটার কোডাইন ফসফেট মিক্সচার বাজেয়াপ্ত করা হয়। যা মূলত নিষিদ্ধ মাদক হিসেবে পরিচিত। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মাদক পাচারের জন্যই নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা।
প্রাথমিকভাবে পুলিসের অনুমান, ঝাড়খণ্ড থেকে নিষিদ্ধ মাদক নিয়ে এসে দুষ্কৃতীরা এরাজ্যে বিক্রির ছক কষেছিল। পাচারে বাধা পেয়েই গুলি চালায় তারা। এই ঘটনায় আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীরা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পাচ্ছে তা জানতেও পুলিস তদন্ত শুরু করেছে।