Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অন্যজনের পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার

অন্যজনের পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: বিএসএফের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে এসে আটক এক ভুয়ো পরীক্ষার্থী। বৈষ্ণবনগর থানা এলাকার সতেরো মাইল বিএসএফ ক্যাম্পের ঘটনা। ধৃত ওই ভুয়ো পরীক্ষার্থীর নাম সুরাজ কুমার। সে বিহারের গয়া জেলার বাসিন্দা। 
Advertisement
বুধবার ছিল বিএসএফের কনস্টেবল পদের শারীরিক সক্ষমতার পরীক্ষা। সেই পরীক্ষা দিতে আসেন বহু পরীক্ষার্থী। বিএসএফ সূত্রে খবর, বেশ কয়েকজনের এডমিট কার্ড পরীক্ষার করে ভিতরে ঢোকানো হয়। কিন্তু সুরাজ কুমারের এডমিট কার্ড দেখে সন্দেহ হয় পরীক্ষকদের। তখনই সুরাজকে অন্যঘরে নিয়ে গিয়ে এডমিট কার্ডটি ভালো করে পরীক্ষা করে বিএসএফ। এডমিট কার্ডটি  ভুয়ো বুঝতে পেরে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বিএসএফের আধিকারিকরা। জেরার মুখে সুরাজ স্বীকার করে, সে অন্যজনের হয়ে পরীক্ষা দিতে এসেছিল। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে বৈষ্ণবনগর থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফের ১১৫ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড-ইন-কমান্ড জিম্মে হাদিকত জানান, একজন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করা হয়। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। বৈষ্ণবনগর থানার পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ধৃতকে এদিন মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
সম্পর্কিত সংবাদ