সংবাদদাতা, বাগডোগরা: অন্যায় করে থাকলে পাশে দাঁড়াবে না দল। কোনওভাবেই দায়ভার নেবে না তৃণমূল। টিএমসিপি জেলা সভাপতি বিতর্কে জড়াতেই দলীয় অবস্থান স্পষ্ট করেদিলেন তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী (সমতল) পাপিয়া ঘোষ। জেলা সভাপতি অন্যায় করে থাকলেও তা দলীয়ভাবে তদন্ত করবে তৃণমূল।
Advertisement
চলতি সপ্তাহে পরিচিত স্থানীয় এক গৃহবধূকে চাকরির প্রলোভন দিয়ে কুপ্রস্তাব পাঠানোর অভিযোগ ওঠে টিএমসিপি জেলা সভাপতি তনয় তালুকদারের বিরুদ্ধে। খবর চাউর হতেই অভিযুক্তকে পিটুনি দেয় বধূর প্রতিবেশী ও আত্মীয়রা। রাতে তাকে ‘উদ্ধার’ করে নিয়ে যায় বাগডোগরা থানার পুলিস। পরে রাতে ওই বধূ থানায় অভিযোগ দায়ের করলেও পুলিস তনয়কে ছেড়ে দেয়। মঙ্গলবার সকাল থেকে এই নিয়ে বাগডোগরায় চর্চা তুঙ্গে ওঠে। দফায় দফায় বিজেপি ও এসএফআই থানায় গিয়ে তনয়কে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়। জেলা সভাপতি এই ধরনের বিতর্কে জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে পড়ে দল। দলের ভাবমূর্তি ধরে রাখতে অভিযুক্তকে পদ থেকেও সরিয়ে দেওয়ার মতো গুঞ্জন শুরু হয়। যদিও এদিন জেলা সভানেত্রী বলেন, জেলা সভাপতির পদ নিয়ে দল এখনই কিছু ভাবছে না। তনয়ের স্ত্রী বর্তমানে বাইরে রয়েছে। তনয়ের পরিবারের সঙ্গে আমরা কথা বলব। তবে ও যদি ভুল করে থাকে তার দায়ভার তৃণমূল কংগ্রেস নেবে না। এদিকে ঘটনার পর থেকে কোনওভাবেই অভিযুক্ত জেলা সভাপতির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।



