সংবাদদাতা, ঘাটাল: বড়দিনে যথা সময়ে মাংস রান্না করে দিতে পারেনি অন্তঃসত্ত্বা স্ত্রী। সেই ক্ষোভে স্ত্রীর দু’হাতে বঁটির কোপ মারল স্বামী। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দাসপুর থানার বালিপোতা গ্রামে। গুরুতর জখম স্ত্রীর নাম জ্যোৎস্না সিং। প্রতিবেশীদের সহযোগিতায় ওইদিন রাতেই জ্যোৎস্নাকে ঘাটাল সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস জানিয়েছে, গৃহবধূর স্বামী বিকাশ সিং এবং শাশুড়ি চুনি সিংকে পুলিস আটক করেছে। যে বঁটি দিয়ে গৃহবধূকে কোপানো হয়েছিল, সেই বঁটিটি উদ্ধার করেছে পুলিস। ঘটনার সূত্রপাত হয় বিকাশের শিকার করা একটি বককে ঘিরে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর বিকাশের মাংস খাওয়ার ইচ্ছে হওয়ায় সে কাজ না গিয়ে সকালেই মাঠে বক ধরতে বেরিয়ে যায়। বিকেলের দিকে কোনওভাবে একটি বক শিকার করে বাড়ি ফিরে স্ত্রীকে তা রেঁধে দিতে বলে। জ্যোৎস্না আসন্ন প্রসবা। কয়েক দিনের মধ্যেই তাঁর প্রসবের হওয়ার সম্ভাবনা। তাই তিনি শারীরিক অসুস্থতার জন্য স্বামীর নির্দেশ মতো সঙ্গে সঙ্গে মাংস রান্না করতে পারেননি।
Advertisement
প্রতিবেশীরা জানান, সন্ধ্যার সময় মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে বিকাশ দেখে তখনও মাংস রান্না হয়নি। ফলে মাথায় খুন চেপে যায় তার। প্রথমে ওই অবস্থাতেই সে স্ত্রীকে মারধর করতে শুরু করে। স্ত্রী তাকে বার বার কাতরভাবে অনুরোধ করেন, শরীরটা খারাপ, তাই রান্না করার মতো পরিস্থিতি নেই। স্ত্রীর ওই কথাতেও মন গলেনি স্বামীর। বরং বিকাশের রাগ আরও বেড়ে যায়। ফলে হাতের সামনে বঁটি দিয়েই স্ত্রীর হাতে এবং শরীরের বিভিন্ন অংশে কোপাতে শুরু করে। সামনেই ছিল জ্যোৎস্নার শাশুড়ি। সে কিন্তু কোনও প্রতিবাদ করেনি বলে প্রতিবেশীরা জানান। গৃহবধূর চিৎকারে পড়শিরা ছুটে আসতে বিকাশ একটু দমে যায়। ততক্ষণে জ্যোৎস্না জ্ঞান হারিয়ে ফেলেন। প্রতিবেশীরাই সঙ্গে সঙ্গে পুলিসকে খবর দেন। পুলিস গিয়ে বিকাশ এবং তার মাকে থানায় তুলে নিয়ে যায়।



