Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনুষ্ঠানে আমন্ত্রিত নন অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক, প্রাক্তনীদের বিক্ষোভ

অনুষ্ঠানে আমন্ত্রিত নন অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক, প্রাক্তনীদের বিক্ষোভ
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: ক্রীড়াজগতে সুনাম অর্জন করা, একেরপর এক পুরস্কার প্রাপ্তি, যার হাত ধরে খেলোয়াড় উঠে আসা সেই অবসরপ্রাপ্ত শিক্ষককে প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না। পরিচালন সমিতি ও আয়োজক কমিটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গলবার মিছিল ও পথসভা করলেন প্রাক্তন পড়ুয়ারা। 
Advertisement
ধূপগুড়ির ডাউকিমারি টিএন উচ্চ বিদ্যালয়ের ৭৫বছর পূর্তিতে জানুয়ারি মাসে নানান অনুষ্ঠান হবে। অভিযোগ, অনুষ্ঠানে স্কুলের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক সুপ্রিয় গুহকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রাক্তন ছাত্ররা আয়োজক কমিটির দ্বারস্থও হয়েছিলেন। কিন্তু অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তাই একাংশ প্রাক্তনী মঙ্গলবার মিছিল ও পথসভা করে স্কুলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। যদিও পরিচালন কমিটির দাবি, এখনও পর্যন্ত কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। 
স্কুল পরিচালন কমিটির সভাপতি কেশব রায় বলেন, ওঁর বিদায় অনুষ্ঠানে প্রাক্তন ছাত্ররা এক প্রকার হাইজ্যাক করে ঘোড়ার গাড়িতে করে বাড়ি নিয়ে যায়। তা ভালোভাবে মেনে নিতে পারেননি বাকি শিক্ষকরা। এছাড়া ওই শিক্ষকের অনুগামীরা অতীতে স্কুলের গেটে তালা লাগিয়ে দিয়েছিল। সেদিন স্কুলের পঠনপাঠন বন্ধ ছিল। পরবর্তীতে অপর এক দল এসে সেদিন স্কুল বন্ধের কারণ জানতে চায়। তাই রেজিউলেশন হয় ওই শিক্ষককে অনুষ্ঠানে ডাকা হবে না। 
যদিও সুপ্রিয় গুহ বলেন, প্রাক্তন ছাত্রদের শোভাযাত্রার বিষয়ে আমি আগে থেকে জানতাম না।  প্রাক্তন ছাত্র পিন্টু সরকার বলেন, সুপ্রিয় গুহ উত্তরবঙ্গের ক্রীড়া জগতের অন্যতম নাম। তাঁর বিদায় সংবর্ধনার অনুষ্ঠানের দিন কান্নায় ভেঙে পড়ে এলাকার মানুষ। তাঁকেই প্ল্যাটিনাম জুবিলির অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্তেই আমরা প্রাক্তনীরা অনুষ্ঠান বয়কট করব। সহিদুল ইসলাম নামে অপর প্রাক্তন ছাত্র বলেন, এই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা পরিচালন কমিটির কাছে গিয়েছিলাম। কিন্তু তারা জানিয়েছে সুপ্রিয় গুহর জন্য স্কুলের দরজা চিরদিনের মতো বন্ধ। মঞ্জুর আলি বলেন, স্যারের হাত ধরে এই এলাকা ক্রীড়া জগতে সুনাম অর্জন করেছে, অথচ তাঁর প্রতি এমন সিদ্ধান্ত! আমরা এটা মেনে নিতে পারছি না।
সম্পর্কিত সংবাদ