Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনূর্ধ্ব-১৮ মহিলা ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন বর্ধমান

অনূর্ধ্ব-১৮ মহিলা ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন বর্ধমান
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: সিএবি পরিচালিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৮ মহিলা ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে খেলার যোগ্যতা অর্জন করল বর্ধমান। প্রথম ম্যাচে কোচবিহারকে সহজে হারানোর পর বৃহস্পতিবার গ্রুপের দ্বিতীয় খেলায় শক্তিশালী চন্দননগরকে তারা হেলায় হারায়। বাঁকুড়ার তামলিবাঁধ মাঠে চন্দননগরের বিরুদ্ধে বর্ধমানের মেয়েরা ১৭৬ রানে জিতেছে। 
Advertisement
এদিনের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে দলের উইকেট কিপার ব্যাটার একা রায়চৌধুরী। মূলত তাঁর অপরাজিত ১০১ রানের উপর ভর করে প্রথমে ব্যাট করে ৪৪ ওভারে ৬ উইকেটে ২৪৪ রান তোলে বর্ধমান। চন্দননগর নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম বল করায় পেনাল্টি বাবদ পাওয়া ১১ রান যোগ হয়ে দলের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৫৫। একা ১৩৫ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ১০১ রান করেন। এছাড়াও নিকিশা হাজরা ৬৩ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৯ এবং প্রিয়াঙ্কা প্রসাদ ২১ বলে ২ ওভার বাউন্ডারি ও সম সংখ্যক বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। বর্ধমানের ইনিংসে অতিরিক্ত হিসেবে ৫৩ রান যোগ হয়। চন্দননগরের হয়ে অস্মিতা সাহা এবং পৃথা সরকার যথাক্রমে ২৮ ও ৫২ রান দিয়ে ২টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৩৮ ওভারে মাত্র ৭৯ রানে মুড়িয়ে যায় চন্দননগরের ইনিংস। দলের একমাত্র ব্যাটার হিসেবে দিয়াশা ধাড়া দু’অঙ্কের রান করেন। তিনি ১৮ রান করেন। দলের বাকি ব্যাটারদের কেউই বর্ধমানের দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। অতিরিক্ত হিসেবে ৩২ রান যোগ না হলে চন্দননগরকে আরও লজ্জায় পড়তে হতো। বর্ধমানের হয়ে পৌলমী মহন্ত ১৬ রান দিয়ে ৩টি এবং অন্বেশা চৌবে ১১ রান দিয়ে ২টি উইকেট নেন। চন্দননগরের তিনজন ব্যাটার রান আউট হয়। একা রায়চৌধুরী ম্যাচের সেরা নির্বাচিত হন।
সম্পর্কিত সংবাদ