সংবাদদাতা, বর্ধমান: সিএবি পরিচালিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে বর্ধমানের স্বপ্নের দৌড় থামল। শুক্রবার বাঁকুড়ার তামলিবাঁধ স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের নির্ণায়ক ম্যাচে তাদের ১০৬ রানের ব্যবধানে হারিয়ে দেয় মেদিনীপুর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেটে ২৬৯ রান তোলে মেদিনীপুর। দলের ওপেনার নৈতিক শর্মা দু’টি ওভার বাউন্ডারি ও ১১টি বাউন্ডারির সাহায্যে ৯০ বলে ৭৬ রান করে। অংশ ঘোষ একটি ওভার বাউন্ডারি ও ৯টি বাউন্ডারির সাহায্যে ৮৬ বলে ৮৪ রান করে। এছাড়াও বিনয় শর্মা একটি ওভার বাউন্ডারি ও ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ৫৭ রান করে। বর্ধমানের হয়ে আশপাক আলি ৮ ওভারে ৬১ রান দিয়ে ৩টি উইকেট নেয়। অভিষেক কুমার ৯ ওভারে ৩৬ রান দিয়ে দু’টি উইকেট নেয়। রান তাড়া করতে নেমে ৩৬.২ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় বর্ধমানের ছেলেরা। ওপেনার সায়ন মণ্ডল ৩৭ বলে ৪টি ওভার বাউন্ডারি ও তিনটি বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করে। রাহুল মণ্ডল ৪৬ বলে ৩২ ও বিশ্বরূপ পাণ্ডে ২৩ রান করে। মেদিনীপুরের বিনয় শর্মা ৮ ওভারে ৩১ রান দিয়ে চারটি উইকেট নেয়। সত্যম ৯ ওভারে ৪২ রান দিয়ে ৪টি উইকেট নেয়। আগের ম্যাচগুলিতে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতে না দিয়ে জয় পায় বর্ধমান। এই ম্যাচটি জিতলেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করত তারা। যদিও কলকাতা ক্লাব ক্রিকেটে ব্যস্ত থাকার কারণে দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই ম্যাচে খেলতে পারেনি। বর্ধমানকে হারিয়ে ফাইনালে চলে গেল মেদিনীপুর।



