Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি জয়ী

অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি জয়ী
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগে ধারাবাহিক জয় খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতির। বুধবার কাশিমবাজার গ্রাউন্ডে কেবিএফএকে তারা ১৮০ রানে হারাল। বহরমপুর এফইউসি মাঠে অনূর্ধ্ব-১৩ দলের অপর খেলায় কান্দি সিএ দল বহরমপুর আর্ট অ্যান্ড আর্টিস্ট দলকে ৫৮ রানে পরাজিত করে। অপরদিকে সিনিয়র ফার্স্ট ডিভিশন লিগে নেতাজি কুঞ্জ( লালগোলা) চার উইকেটে গোরাবাজার সবুজ সাথীকে হারায়। এদিন প্রথমে ব্যাট করে খাগড়া সবুজ সঙ্ঘ সেবা সমিতি সাত উইকেট হারিয়ে ২৩৯ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করে সাহিন দেবনাথ। পরে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে সব উইকেট হারায় কেবিএফএ। সবুজ সঙ্ঘের অর্ণব সরকার তিন উইকেট পায়। 
Advertisement
এফইউসি মাঠে প্রথমে ব্যাট করে কান্দি সিএ দল নয় উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে। দলের হয়ে হাফ সেঞ্চুরি করে আর্যদিত সিনহা। রান চেজ করতে নেমে বহরমপুর আর্ট অ্যান্ড আর্টিস্ট দলের ১১১ রানে সব উইকেটের পতন ঘটে। 
সিনিয়র ফাস্ট ডিভিশন লিগের এদিনের খেলা বহরমপুর স্টেডিয়ামের দ্বিতীয় গ্রাউন্ডে হয়। প্রথমে ব্যাট করে গোরাবাজার সবুজ সাথী করে ১৫২ রান। পরে ব্যাট করতে নেমে নেতাজি কুঞ্জ ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলে পয়েন্ট ঝুলিতে তোলে। সর্বোচ্চ ৬৩ রান করেন নেতাজি কুঞ্জের অতনু সরকার। 
সবুজ সাথীর অরিত মণ্ডল চার উইকেট পান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বলেন, এদিন একটি বাদে দু’টি খেলায় টানটান উত্তেজনা ছিল।
 
সম্পর্কিত সংবাদ