সংবাদদাতা, বর্ধমান: সিএবি পরিচালিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে হাড্ডাহাড্ডি ম্যাচে জিতল দক্ষিণ দিনাজপুর। তারা বীরভূমকে ২ উইকেটে হারিয়ে দেয়। সোম ও মঙ্গলবার বর্ধমানের রাধারানি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে বীরভূম ৫০.৪ ওভারে ২২২ রানে অলআউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে প্রথম দিনের শেষে দক্ষিণ দিনাজপুর ৩৩ ওভারে ৫ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে। দ্বিতীয় দিনে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৮২ রান। মঙ্গলবার কৃষ্ণ বাঁশফোড় ও দেবজয় ভট্টাচার্য যথাক্রমে ৩৩ ও ১৯ রানে ব্যাট করতে নামে। মাত্র ১২ রান যোগ করে দ্বিতীয় দিনে আউট হয়ে যায় কৃষ্ণ। কিন্তু, লড়াই চালিয়ে যায় দেবজয়। শেষদিকের ব্যাটারদের সঙ্গে নিয়ে ৫৪ রানের অপরাজিত মূল্যবান ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় সে। তার ১১০ বলের ইনিংস ৮টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো। ১৩ রান করে দেবজয়কে যোগ্য সঙ্গত দেয় ধ্রুব রায়। শেষ পর্যন্ত ৫৮.৪ ওভারে ৮ উইকেটে ২২৩ রান তুলে ম্যাচ জিতে নেয় দক্ষিণ দিনাজপুর। তবে, তাদের ইনিংসে অতিরিক্ত হিসেবে যোগ হয় ৫১ রান। তার মধ্যে ৪০ রান ওয়াইড থেকে আসা। অতিরিক্ত হিসেবে পাওয়া এই রান যোগ না হলে তাদের সমস্যা বাড়ত। বীরভূমের সোহম মিশ্র ও রঙ্কিত সেনগুপ্ত যথাক্রমে ৬৭ ও ৬৯ রান দিয়ে ৩টি করে উইকেট নেয়। এই ম্যাচে জয়ের সুবাদে প্রতিযোগিতায় টিকে থাকার অক্সিজেন পেল দক্ষিণ দিনাজপুর। গ্রুপের প্রথম খেলায় তাদের পর্যুদস্ত করে হারায় বর্ধমান। আজ বুধবার প্রতিযোগিতার বিরতির দিন। বৃহস্পতিবার ও শুক্রবার গ্রুপের শেষ খেলায় মুখোমুখি হবে বর্ধমান ও বীরভূম। ম্যাচটি জিতলে বর্ধমান পরের রাউন্ডে পৌঁছে যাবে। বীরভূমের কাছে হারলে বর্ধমান ও দক্ষিণ দিনাজপুরের পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে যে দলের রানরেট বেশি থাকবে তারা পরের পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বীরভূম-দক্ষিণ দিনাজপুর ম্যাচে ব্যাটিংয়ে নজর কেড়েছে অগ্নিশ্বর দাস। বীরভূমের অধিনায়ক ১১৭ রান করে। অন্যদিকে, বোলিংয়ে নজর কেড়েছে দক্ষিণ দিনাজপুরের আশুতোষ আগরওয়াল। সে ৫০ রান দিয়ে ৭টি উইকেট নিয়েছে।



