সংবাদদাতা, বর্ধমান: সিএবি পরিচালিত আন্তঃজেলা অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে দ্বিতীয় পর্বের খেলাতেও বর্ধমান জেলার দাপুটে জয় অব্যাহত। বুধবার বাঁকুড়ার তামলিবাঁধ স্টেডিয়ামে তারা প্রতিপক্ষ হুগলি জেলাকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ১৭২ রানে জয়ী হয়েছে। প্রথমে ব্যাট করে ৪৪ ওভারে ৭ উইকেটে ৩১৭ রানের বিশাল স্কোর খাড়া করে বর্ধমানের ছেলেরা। নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার হুগলি কম বল করায় পেনাল্টি হিসেবে আরও ১৪ রান যোগ হয়ে বর্ধমানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৩৩১। দুই ওপেনার সায়ন মণ্ডল ও সৌরভ রাজমাহাত দারুণ শুরু করে। ওপেনিং জুটিতে তারা ৯৫ রান যোগ করে। সায়নের ৩১ বলে করা ৭৩ রানের ইনিংস ৬টি ওভার বাউন্ডারি ও ৭টি বাউন্ডারি দিয়ে সাজানো। সৌরভ ৬৭ বলে ৯টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ রান করে। হুগলির অধিনায়ক ঋতম কুণ্ডু, আয়ুষ পাণ্ডে ও ময়ূখময় দত্ত যথাক্রমে ৭৬, ৩৮ ও ৫৬ রান দিয়ে দু’টি করে উইকেট নেয়। রান তাড়া করতে নেমে ৪১.৪ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় হুগলি জেলা। ওপেনার শুভাদিত্য অধিকারী ৬৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৯ এবং ঋষিরাজ রায় ৫২ বলে ৩৪ রান করে। দলের বাকি ব্যাটারদের কেউই সেভাবে দাঁড়াতে পারেনি। বর্ধমানের হয়ে অভিষেক কুমার ৯ ওভারে দু’টি মেডেন সহ ২৯ রান দিয়ে ৪টি উইকেট নেয়। ঈশান কেশরি ৯ ওভারে ৩০ রান দিয়ে দু’টি উইকেট নেয়।



