Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনূর্ধ্ব-১৫ আন্তঃজেলা ক্রিকেটে জলপাইগুড়িকে হারাল বর্ধমান

অনূর্ধ্ব-১৫ আন্তঃজেলা ক্রিকেটে জলপাইগুড়িকে হারাল বর্ধমান
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: সিএবি পরিচালিত অনূর্ধ্ব-১৫ আন্তঃজেলা ক্রিকেটে গ্রুপের দু’টি ম্যাচে জিতে পরের পর্বে খেলার যোগ্যতা অর্জন করল বর্ধমান। মঙ্গলবার গ্রুপের প্রথম খেলায় তারা ৯ উইকেটে দক্ষিণ দিনাজপুরকে হারায়। বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেডিয়ামে দ্বিতীয় খেলায় তারা সহজেই জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থাকে ৫ উইকেটে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করে জলপাইগুড়ি নির্ধারিত ৪৫ ওভারে ৯ উইকেটে ১৫০ রান তোলে। শুরুতেই তারা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। দুই ওপেনারের কেউই খাতা খুলতে পারেনি। সেখান থেকে দলকে টেনে তোলে রাজবীর রাউত। সে ১১৭ বলে ৭১ রান করে অপরাজিত থাকে। এছাড়া রাজদীপ সরকার ও দলের অধিনায়ক আবির যথাক্রমে ১৭ ও ১৫ রান করে। দলের বাকি ব্যাটারদের কেউই সেভাবে দাঁড়াতে পারেনি। দক্ষিণ দিনাজপুরের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিল আসপাক আলি। এদিনও সে ভালো বল করে। ৯ ওভারে দু’টি মেডেন সহ ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেয়। জিসান খান ও কৌশিক বাউরি যথাক্রমে ৩৬ ও ২৭ রান দিয়ে দু’টি করে উইকেট নেয়। জবাবে ৩৭.৫ ওভারে ৫ উইকেটে ১৫১ রান তুলে ম্যাচ জিতে নেয় বর্ধমান। বিশ্বরূপ পাণ্ডে ৪৯ বলে ৪০ রান করে। এছাড়াও অদ্রিশকুমার মণ্ডল ২১ এবং কৌশিক বাউড়ি ১৯ রান করে অপরাজিত থেকে দলকে জয়ে লক্ষ্যে পৌঁছে দেয়। শিলিগুড়ির হয়ে প্রজ্ঞাময় চক্রবর্তী ও উজান চৌধুরী ২টি করে উইকেট নেয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ