Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনুমতি না নিয়ে কাজ, বন্ধ রাখতে বলল জাতীয় সড়ক কর্তৃপক্ষ

অনুমতি না নিয়ে কাজ, বন্ধ রাখতে বলল জাতীয় সড়ক কর্তৃপক্ষ
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ময়নাগুড়ি: মহাসড়ক কর্তৃপক্ষের আপত্তিতে ময়নাগুড়ি শহরে আটকে গেল গ্রিন সিটি মিশনের কাজ। চলতি সপ্তাহেই ময়নাগুড়ি পুরসভা প্রথম পর্যায়ের কাজ শুরু করেছে। হাসপাতাল পাড়া থেকে কাজ শুরু হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে থেকে খুকশিয়া মোড় পর্যন্ত আর একটি কাজ ধরা হয়েছিল। আলোকিত করার জন্য শহরের উপর দিয়ে যাওয়া জাতীয় সড়কের দু’ধারে বাতিস্তম্ভ বসাতে গিয়েই মহাসড়ক কর্তৃপক্ষ আপত্তি তুলেছে। 
Advertisement
তারা বিষয়টি জানতে পেরে পুরসভায় এসে কাজ বন্ধ রাখার পরামর্শ দিয়ে গিয়েছে। সড়ক কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি না নিয়ে কাজ শুরু করতে যাচ্ছিল পুর কর্তৃপক্ষ। ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, কাজ হবে। তবে বিকল্প রাস্তা দেখা হচ্ছে। পুরসভায় বৈঠক করে দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। 
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ঝুলন সান্যাল বলেন, মহাসড়ক কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া হয়নি। তাই সড়ক কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখতে বলেছে। তবে যেখানে জাতীয় সড়ক পড়েনি সেখানে কাজ হবে। এক কোটি টাকায় প্রথম পর্যায়ে আমরা কাজ শুরু করেছি। 
জাতীয় সড়ক কর্তৃপক্ষের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার (ডিভিশন-৯) দেবব্রত ঠাকুর বলেন, জাতীয় সড়কের ধারে কাজ করা হবে অথচ আমাদের কাছ থেকে কোনও অনুমতি পুরসভা নেয়নি। সেই কারণেই আমরা বলেছি নিয়ম মেনে কাজ করুন। আপাতত ওদের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। 
পুরসভা সূত্রে খবর, থানা মোড় থেকে বন্দ্যোপাধ্যায় বাড়ি পর্যন্ত ৬ লক্ষ ৪২ হাজার ৬২১ টাকার কাজ ধরা হয়েছে। ট্রাফিক মোড় থেকে সিনেমা হল পর্যন্ত এলইডি লাইটের জন্য ১২ লক্ষ ৩৭ হাজার ৫০ টাকা ধরা হয়েছে। দুর্গাবাড়ি মোড় থেকে ইন্দিরা মোড় পর্যন্ত যে কাজ ধরা হয়েছে তাতে ২৮ লক্ষ ৭০ হাজার ৩৮৭ টাকা খরচ হবে। নতুন বাজার থেকে ট্রাফিক মোড় পর্যন্ত ১২ লক্ষ ৩৭ হাজার ৫০ টাকার কাজ ধরা হয়েছে। অপরদিকে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে থেকে খুকশিয়া মোড় পর্যন্ত বাতি বসাতে খরচ ধরা হয়েছে ৪৫ লক্ষ ৫১ হাজার ৯১৬ টাকা। প্রথম দফায় পাওয়া টাকায় কাজ শুরু হয়ে গিয়েছে।
সম্পর্কিত সংবাদ