সংবাদদাতা, তেহট্ট: গ্রাম পঞ্চায়েতের পাশে বহু পুরনো একটি কদম গাছ বনদপ্তরের অনুমতি ছাড়াই কেটে ফেলেছেন তেহট্ট-১ ব্লকের বিজেপি পরিচালিত চাঁদের ঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে বনদপ্তর সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা তৃণমূলের রমেশ মণ্ডল। তবে ঘটনার কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান তনুশ্রী সর্দার। অভিযোগ, কিছুদিন আগে কাউকে কিছু না জানিয়ে পঞ্চায়েতের পাশের একটি কদম গাছ কেটে ফেলা হয়। গাছটি কেটে পঞ্চায়েত ক্যাম্পাসের মধ্যেই রাখা হয়েছিল। বিষয়টি বিরোধী দলনেতাকে জানান স্থানীয়রা। তাঁদের কথায়, এই ঘটনা সামনে আসতেই চাঁদের ঘাট পঞ্চায়েতের বিরোধী দলনেতা তৃণমূলের রমেশ মণ্ডল বনদপ্তর সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেন। রমেশ মণ্ডল বলেন, এই ভাবে একটা পুরনো গাছ কেটে কেটে ফেলা হয়েছে প্রধানের নেতৃত্বে। তাই উপযুক্ত ব্যবস্থা নিতে অভিযোগ জানিয়েছি। চাঁদের ঘাট পঞ্চায়েতের প্রধান তনুশ্রী সর্দারকে ফোন করা হলে তিনি ঘটনার কথা অস্বীকার করে বলেন, ফোনে কোন কথা বলব না। পঞ্চায়েতে আসুন কথা হবে। যা অভিযোগ তা ভুল। অভিযোগ পাওয়ার পর শুক্রবার ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের কর্মীরা। তাঁরা কাটা গাছটি বাজেয়াপ্ত করেছেন।



