সংবাদদাতা, গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের বাজে কানুর এলাকায় টাঙ্গন নদীর ধারে বনদপ্তরের ১২ টি গাছ কাটার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বুনিয়াদপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রভাত চক্রবর্তীর জমি রয়েছে টাঙ্গন নদীর পাশে। শনিবার সন্ধ্যায় তাঁর জমির পাশে থাকা ১২ টি ইউক্যালিপ্টাস গাছ কেটে দেন বলে অভিযোগ। বনদপ্তরের গাছ কেটে ফেলায় স্থানীয়রা প্রতিবাদ জানান। বনদপ্তরের কুশমণ্ডি রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যান। জমির মালিক প্রভাতের বলেন, আমার জমিতে গাছগুলি ছিল। তাই কেটেছি। বনদপ্তর আমাকে অনুমতি দিয়েছে গাছ কাটার। যদিও কুশমণ্ডির রেঞ্জ অফিসার জয়প্রকাশ রায়ের বক্তব্য, ওই গাছ কাটার কোনও অনুমতি বনদপ্তর দেয়নি। অবৈধভাবে ওই গাছ কাটা হয়েছে। বিষয়টি আমরা জানতে পেরে গাছগুলি বাজেয়াপ্ত করি।
Advertisement
দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে ভাঙন রুখতে টাঙ্গন নদীর ধারে অনেক গাছ লাগায়। স্থানীয় বাসিন্দা অতুল সরকার বলেন, নদীর ধারে সরকারি গাছ কী করে একজন লোক কাটতে পারেন? এই প্রশ্ন তুলেছেন স্থানীয়দের অনেকেই।



