Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে বিপদে ঠিকা সংস্থার পাঁচ কর্মী

অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে বিপদে ঠিকা সংস্থার পাঁচ কর্মী
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতিতে কড়া নজর রয়েছে ফুলবাড়ি সীমান্তে। এনজেপির মতো গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তাও এখন আঁতস কাচের নীচে। এই পরিস্থিতিতে এনজেপিতে সরকারি সমীক্ষার জন্য ড্রোন উড়িয়ে বিপদে পড়েছেন রেলের ঠিকাদার সংস্থার পাঁচ কর্মী। আরপিএফ-এর অভিযোগের ভিত্তিতে তাদের থেকে দুটি ড্রোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই পাঁচ কর্মীকেও আটক করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ঠিকাদার সংস্থার অনুমতিপত্রও।
Advertisement
নিউ জলপাইগুড়ি এলাকায় সোমবার থেকে ড্রোন ওড়ানোর খবর আসে আরপিএফের শীর্ষ আধিকারিকদের কাছে। সেদিনই কর্তারা বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেন। মঙ্গলবার সকালেও এনজেপিতে ফের উন্নতমানের বড় বড় দুটি ড্রোন উড়ছিল। খবর পেতেই দ্রুত নিউ জলপাইগুড়ি থানার দ্বারস্থ হন আরপিএফের শীর্ষ আধিকারিকরা। এরপরই তদন্তে নেমে পাঁচজনকে আটক করে পুলিস।
সকালে রেলের নিরাপত্তা কর্মীদের ক্যামেরায় ধরা পড়ে ড্রোন ওড়ানোর ছবি। কারা এই ড্রোন উড়াচ্ছে, তা নিয়ে শুরু হয় খোঁজ। এনজেপি থানার পুলিস তদন্ত নেমে প্রায় দু ঘণ্টার চেষ্টায় ফুলবাড়ি টি-পার্কের সামনে তাদের খোঁজ পায়। অনুমতি না নিয়ে ড্রোন ওড়ানোর অভিযোগে মহারাষ্ট্রের পাঁচ ব্যক্তিকে আটক করা হয়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, নিউ জলপাইগুড়ি থেকে কামাক্ষ্যা পর্যন্ত ডবল ট্র্যাক রেললাইন পাতার কাজের বরাত পেয়েছে পুনের একটি ঠিকাদার সংস্থা। তারা ওই এলাকার সমগ্র ছবি দেখে সমীক্ষার জন্য প্রাথমিকভাবে পাঁচ কর্মীকে শিলিগুড়িতে পাঠায়। দুটি উন্নত প্রযুক্তির ড্রোন এনে সমীক্ষা শুরু হয়। তবে এই বিষয়ে সিভিল এভিয়েশন, আরপিএফ,স্থানীয় থানা বা জেলাশাসক দপ্তর থেকে অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। বর্তমান বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মাঝে চারিদিকে কড়া নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। শিলিগুড়ি শহরের অদূরে ফুলবাড়ি সীমান্ত। নিউ জলপাইগুড়ি এলাকায় রয়েছে ইন্ডিয়ান অয়েলের মূল গোডাউন। শহরের সঙ্গে সংযোগরক্ষাকারী একাধিক রাস্তা নিউ জলপাইগুড়ি এলাকায় রয়েছে। দু’দিন ধরে ড্রোন ওড়ার ঘটনায় আতঙ্ক তৈরি হয়।  
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা সমস্ত কাগজপত্র খতিয়ে দেখছি। ওই কর্মীরা ঠিক বলছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ