Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনিয়মের অভিযোগে শিলিগুড়িতে পাবের মালিক সহ দুই ম্যানেজার গ্রেপ্তার

অনিয়মের অভিযোগে শিলিগুড়িতে পাবের মালিক সহ দুই ম্যানেজার গ্রেপ্তার
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: শহরের বার ও পাবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের দীর্ঘদিনের। শিলিগুড়ির সেবক রোডেই  রয়েছে অধিকাংশ বার ও পাব। হালফিলের ট্রেন্ড মেনে সেখানে ভিড় করে শহরের যুবক-যুবতীদের একাংশ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বার ও পাবগুলিতে যে পরিবেশ তৈরি হয় তাতে নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে অনেকবার। শনিবার রাতে সেবক রোডের একটি বার ও পাবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়ে পুলিস ও প্রশাসন অভিযান চালায়।
Advertisement
সরকারি নির্দেশিকা অমান্য করে গভীর রাতে বার ও পাব চালানোর অভিযোগে ওই বার মালিক সহ দুই ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃত মালিকের নাম প্রিন্স জৈন এবং দুই ম্যানেজারের নাম মনীষ সিংহ এবং অভিজিৎ মজুমদার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের এসিপি (ইস্ট) রাকেশ সিং বলেন, সেবক রোড এলাকার একটি বার ও পাবের বিরুদ্ধে আমরা নিয়মভঙ্গের অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতে এসওজি এবং ভক্তিনগর থানার পুলিস যৌথভাবে অভিযান চালায় সেখানে। সরকারি নির্দেশিকা অমান্য করে গভীর রাত পর্যন্ত বার ও পাব চালানোর অভিযোগে বার মালিক সহ দুই ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। 
আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাত বারোটা পর্যন্ত বার ও পাব চালানোর অনুমতি দেওয়া রয়েছে।  শনি-রবিবার এবং উৎসবের রাতে বাড়তি সময় বার ও পাব খোলা রাখার জন্য আলাদা করে অনুমতি নিতে হয়। শনিবার ওই বার ও পাব সেই অনুমতি ছাড়াই রাত দুটোর পরেও খোলা ছিল। তার ভিত্তিতেই ওই অভিযান হয়। পাব ও বার কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমতির কোনও কাগজপত্র দেখাতে পারেনি। সে কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ