Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনিয়মের অভিযোগে রঘুনাথপুরে বিএলএলআরও অফিস ঘেরাও 

অনিয়মের অভিযোগে রঘুনাথপুরে বিএলএলআরও অফিস ঘেরাও 
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: একাধিক অনিয়মের অভিযোগ তুলে সোমবার রঘুনাথপুর-২ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। পরে বিক্ষোভকারীদের কয়েকজন ভূমি ও ভূমি সংস্কার দপ্তর আধিকারিকের সঙ্গে দেখা করেন। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন বিএলএলআরও।
Advertisement
বিক্ষোভকারী বাসিন্দাদের অভিযোগ, ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা নিজেদের ইচ্ছেমতো কাজ করছেন। সরকার থেকে দেওয়া একজনের পাট্টার জমি অন্যজনের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। বাবার জমি থেকে ছেলেকে বঞ্চিত করে শুধু মেয়েদের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে। এছাড়াও নানা অভিযোগ তুলে সরব হন তাঁরা। জমি সংক্রান্ত কাজ করতে গেলে টাকা চাওয়া হচ্ছে বলেও অভিযোগ। বিক্ষোভ শামিল আফিরুদ্দিন দরজি বলেন, বাবার নামে জমি রয়েছে। অথচ ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সেই জমি থেকে আমাকে বাদ দিয়ে শুধুমাত্র দুই বোনের নামে রেকর্ড করে দিয়েছে। বিষয়টি সংশোধনের জন্য আবেদন জানানো হলেও কোনও কাজ হয়নি। 
অভিযোগকারী স্বপন মাহাথা, সন্দীপ মাহাত বলেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর প্রচুর মানুষকে হয়রানি করছে। দপ্তরে টাকা ছাড়া কোনও কাজ হচ্ছে না। মিউটেশনের জন্য চারবার কাগজ জমা দেওয়া সত্ত্বেও প্রতিবারেই বাতিল করে দেওয়া হয়েছে। দুয়ারে সরকার শিবিরে ২০০-র বেশি আবেদন জমা পড়েছে। সমস্ত কাগজপত্র আমাদের কাছে রয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে প্রয়োজনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব। বিষয়টি নিয়ে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক নির্মল দে বলেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। দপ্তরের নিয়ম মেনেই সব কাজ হয়।
 
সম্পর্কিত সংবাদ