Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অনিয়ম: কাঁথি পিকে কলেজে তদন্ত কমিটি

অনিয়ম: কাঁথি পিকে কলেজে তদন্ত কমিটি
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: বিল্ডিং নির্মাণের আর্থিক অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার কাঁথি পিকে কলেজে হাজির হল তদন্ত কমিটি। এদিন জেলা হেডকোয়ার্টার থেকে ইঞ্জিনিয়ারদের একটি বিশেষজ্ঞ টিম কলেজে পৌঁছায়। এছাডাও কাঁথি মহকুমা শাসক অফিস থেকে কর্মীরা যান। এদিন নির্মাণ কাজে যুক্ত ঠিকাদার এবং এজেন্সিকে ডেকে পাঠানো হয়েছিল। তাঁদের বয়ান সংগ্রহ করে তদন্ত কমিটি। বিল্ডিং নিয়ে তদন্তের মধ্যেই আজ, শুক্রবার জরুরি ভিত্তিতে গভর্নিং বডির মিটিং ডেকেছে কলেজ কর্তৃপক্ষ। সেইসঙ্গে বিল্ডিং সাব কমিটির মিটিংও ডাকা হয়েছে। স্টাফ কোয়ার্টার ও কলেজের প্রশাসনিক ভবন নির্মাণের কাজের বরাত বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। কলেজের অধ্যক্ষ অমিতকুমার দে বলেন, বৃহস্পতিবার তদন্ত কমিটি কলেজে এসেছিল। শুক্রবার গভর্নিং বডির মিটিং ডাকা হয়েছে।
Advertisement
২০১৭ থেকে ২০২০সাল পর্যন্ত কাঁথি প্রভাতকুমার কলেজে বেশকিছু বিল্ডিং নির্মাণের কাজ হয়েছে। তারমধ্যে চারতলার গার্লস হস্টেল, চার তলার পোস্ট গ্র্যাজুয়েট বিল্ডিং, প্রশাসনিক ভবন, লাইব্রেরি ও ক্লাসরুম এবং অধ্যাপকদের কোয়ার্টার রয়েছে। 
অভিযোগ, বিল্ডিং নির্মাণের জন্য‌ পুরসভা থেকে কোনও প্ল্যান পাশ হয়নি। পুরসভার খাতায় এইসব বিল্ডিং নির্মাণের কোনও তথ্য নেই। বিল্ডিং নির্মাণের টেন্ডার প্রক্রিয়াতেও স্বচ্ছতা ছিল না বলে অভিযোগ। এভাবে প্রচুর সরকারি অর্থ নয়ছয় হয়েছে বলে হাইকোর্টে মামলা দায়ের হয়। তার ভিত্তিতে তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ