নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে দেশজুড়ে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ শুরু হতে চলেছে। আজ, ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর এই কর্মসূচি চলবে। বুধবার জেলা প্রশাসনের কার্যালয়ে কর্মসূচির প্রস্তুতি উপলক্ষ্যে রাজ্যের পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জেলা প্রশাসনের কার্যালয়ে বৈঠক করেন। সেখানেই অন্নপূর্ণা যোজনা নিয়ে মন্ত্রী সাফ জানান, অন্নপূর্ণা যোজনা যোগ্য ব্যক্তিরাই পাবেন। সবাই নয়। দেশজুড়ে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকার কেন্দ্রের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। কর্মসূচি সফল করতে জেলা প্রশাসনের দপ্তরে জোরদার প্রস্তুতি চলছে। প্রতিটি জেলায় কর্মসূচির প্রস্তুতি ও বাস্তবায়ন দেখতে একজন করে মন্ত্রী ও আধিকারিককে পাঠানো হচ্ছে। মন্ত্রী দিলীপ ঘোষ জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কর্মসূচির প্রস্তুতি নিয়ে এদিন বৈঠকে করেন। এই বৈঠকে জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর, পুলিশ সুপার মানব সিংলা- সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন। এদিন বৈঠক শেষে দিলীপবাবু জানান, কেন্দ্রীয় সরকারের নতুন ভিবি জি - রামজি প্রকল্পের আওতায় রাজ্যে ১২৫ দিনের কাজ চালু হয়েছে। সামনের দিনে রোজ ৪ থেকে ৫ লাখ কর্মদিবস আমরা করব। আমাদের ১৩ হাজার কোটি টাকার কাজ করতে হবে। পাশপাশি অশোকনগরে তেল, ঝাড়গ্রামে ম্যাঙ্গানিজ ও পুরুলিয়া থেকে লিথিয়াম তোলার বিষয় নিয়ে মন্ত্রীর বক্তব্য, ভগবান চান বাংলা উন্নত হোক, দেশ উন্নত হোক। জেলা কংগ্রেসের বর্ষীয়ান নেতা সুব্রত ভট্টাচার্য এদিন বলেন, বনভূমি ,পাহাড় ধ্বংস করে খনিজ সম্পদ উত্তোলন ও আদিবাসীদের উচ্ছেদ হোক, এটা কোনো সচেতন মানুষ চানা না। ঝাড়গ্রামের প্রান্তিক এলাকার বহু মহিলা অন্নপূর্ণা যোজনা পাননি। প্রকল্পে অন্তর্ভুক্তির যাচাই প্রক্রিয়াও স্বচ্ছ নয়।



