Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাধীনতার থিমে প্রাথমিক স্কুল রাঙাতে বরাদ্দ মাত্র ৫০০ টাকা

স্কুল রাঙিয়ে তুলতে হবে স্বাধীনতা থিমের তুলিচিত্রে। রাজ্যের সমস্ত বিদ্যালয়ে তেমনই নির্দেশ গিয়েছে রাজ্য সমগ্র শিক্ষা মিশনের তরফে।

স্বাধীনতার থিমে প্রাথমিক স্কুল  রাঙাতে বরাদ্দ মাত্র ৫০০ টাকা
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল রাঙিয়ে তুলতে হবে স্বাধীনতা থিমের তুলিচিত্রে। রাজ্যের সমস্ত বিদ্যালয়ে তেমনই নির্দেশ গিয়েছে রাজ্য সমগ্র শিক্ষা মিশনের তরফে। তবে, এর জন্য বরাদ্দ কেমন? প্রাথমিক স্কুলের ক্ষেত্রে তা ৫০০ টাকা। উচ্চ প্রাথমিক স্কুলগুলি পাবে ১০০০ টাকা। আর মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুলগুলি জন্য বরাদ্দ ১৫০০ টাকা। এই বরাদ্দ নিয়ে স্কুলগুলিতে রীতিমতো অসন্তোষ তৈরি হয়েছে।

Advertisement

কেন্দ্রীয় সরকারের ‘বালা’ নামের একটি প্রকল্প রয়েছে। রাজ্য সমগ্র শিক্ষা মিশনের মাধ্যমে তা স্কুলগুলিতে কার্যকর করা হয়। বালা হল ‘বিল্ডিং অ্যাজ লার্নিং এইড’ বাক্যাংশটির সংক্ষিপ্ত রূপ। এর মাধ্যমে স্কুলে নানাবিধ শিক্ষামূলক ছবি এঁকে তার মাধ্যমে ছাত্রছাত্রীদের জ্ঞান বিতরণের প্রয়াস নেওয়া হয়। বেশ কিছু স্কুল খুব সফলভাবেই এটির প্রয়োগ করেছে। তবে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই বরাদ্দ নিয়ে অসন্তোষ তুঙ্গে। শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন এসটিইএ’র নেতা অনিমেষ মণ্ডল বলেন, ‘এই বরাদ্দে একটি ক্লাসরুমের কাজ হবে কি না সন্দেহ। অথচ, তা দিয়ে গোটা স্কুল আঁকতে বলা হয়েছে। এটিকে সফল করাই যদি উদ্দেশ্য হতো, তাহলে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা উচিত ছিল।’ 
এই প্রসঙ্গে রাজ্য সমগ্র শিক্ষা মিশনের এক আধিকারিক বলেন, ‘কেন্দ্রীয় প্রকল্পে ইচ্ছামতো বরাদ্দ বৃদ্ধি করা যায় না। কারণ এটি যৌথ প্রকল্প। কেন্দ্রীয় সরকার যদি বরাদ্দ বৃদ্ধির সবুজ সঙ্কেত দেয়, তাহলেই সেটা করা সম্ভব।’
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরেই সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে রাজ্যের প্রাপ্য কয়েক হাজার কোটি টাকা আটকে রেখেছে। তাই নিজের উদ্যোগে কোনও বাড়তি খরচ করার আগেও ভাবতে হচ্ছে রাজ্য সরকারকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ