আজ শুরু অনলাইনে পৌষ মেলার স্টল বুকিং, ভাড়া বৃদ্ধি ১০ শতাংশ
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: একমাস পরেই শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। আজ শুক্রবার বিকেল থেকেই শুরু হচ্ছে অনলাইনে স্টল বুকিং। খড়গপুর আইআইটির সহযোগিতায় তৈরি বিশেষ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ব্যবসায়ী ও শিল্পীরা। পাশাপাশি মেলার যাবতীয় তথ্য জানাতে তৈরি হচ্ছে পৃথক ওয়েবসাইট। বৃহস্পতিবার পৌষ উৎসবের ডিজিটাল তথ্যপুস্তিকাও প্রকাশ করে বিশ্বভারতী।

Advertisement

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, স্টল বুকিংয়ে স্বচ্ছতা বজায় রাখতেই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এরপর আবেদনকারীর সংখ্যা এবং মেলার মাঠের বিন্যাস খতিয়ে দেখে ২৬ নভেম্বর থেকে ফের বুকিংয়ের সুযোগ দেওয়া হতে পারে। অনলাইনে আবেদন করতে অসুবিধা হলে শিল্পী ও ব্যবসায়ীদের সহায়তার জন্য বিশ্বভারতীর তরফে হেল্প ডেস্কও খোলা হবে। তবে প্রত্যেককেই অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। পুরনো ব্যবসায়ীদের স্টল দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। গত বছরের তুলনায় এবার স্টল ভাড়া ১০ শতাংশ বাড়ছে বলেও জানা গিয়েছে। মেলার পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা মেনে মাঠে খাবার ও অন্যান্য দোকান বিন্যাস করা হবে।
বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বভারতীর স্যানিটাইজেশন বিভাগ এবং বোলপুর পুরসভা যৌথভাবে কাজ করবে। মেলার বিভিন্ন জায়গায় ডাস্টবিন রাখা হবে। কোথাও অপরিচ্ছন্নতা নজরে এলে পর্যটকেরা যাতে সরাসরি অভিযোগ জানাতে পারেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে।
এদিকে, মেলার স্টল বণ্টনে স্বচ্ছতা এবং শিল্পীদের সমান সুযোগের দাবিতে এদিন বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেন কবিগুরু হ্যান্ডিক্রাফট উন্নয়ন সমিতির সদস্যরা। তাঁদের দাবি, গত বছরের মতো মেলার মাঠে অব্যবস্থা এড়াতে সঠিক ম্যাপিং করতে হবে। অনলাইন বুকিংয়ে যাতে কোনো অনিয়ম না হয়, তার জন্য কড়া নজরদারি প্রয়োজন। প্রতিবছর ১০ শতাংশ করে স্টল ভাড়া বাড়ায় ক্ষুদ্র শিল্পীদের উপর আর্থিক চাপ বাড়ছে। সেই বিষয়টিও বিবেচনা করার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি হস্তশিল্পীদের অগ্রাধিকারের দাবিও জানানো হয়েছে।
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, ‘ছোট শিল্পীদের থেকে আমরা স্টল ভাড়া নিই না। মেলা আয়োজনের খরচ প্রতিবছর বাড়ছে। সেই কারণেই স্টল ভাড়াও বাড়াতে হয়। এবারও অনলাইনে বুকিং হবে। প্রয়োজনে বুকিংয়ের সময়সীমা কয়েক দিন বাড়ানো হতে পারে।’